প্রীতি পোদ্দার, কলকাতা: লগ্নজিতা চক্রবর্তী, স্নিগ্ধজিৎ ভৌমিকের পর এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার মুখে পড়লেন প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty Got Harrassed)। অভিযোগ, দেরি করে মঞ্চে আসায় তাঁকে জোর করে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বনগাঁয়। গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ অভিনেত্রী সহ গোটা টিম।
অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় মিমিকে
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘে অভিনেত্রী মিমি চক্রবর্তীর একটি অনুষ্ঠান ছিল। কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে সেখানে পৌঁছতে তাঁর ঘণ্টাখানেক দেরি হয়। আর সেই নিয়েই শুরু হয় ঝামেলা। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই মিমি মঞ্চে ওঠেন। প্রতিবারের মত এবারেও প্রচুর দর্শক তাঁকে দেখতে, তাঁর সঙ্গে ছবি তুলতে উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানের মাঝে মিমিকে হঠাৎ করেই মঞ্চ থেকে কার্যত জোর করে নামিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে হেনস্তার অভিযোগ ওঠে ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর।
কী বলছেন মিমি চক্রবর্তী?
আচমকা মঞ্চ থেকে মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়ায় বেশ অপমান বোধ করেছেন। তিনি জানান, “মঞ্চে এমন হেনস্তা কাম্য নয়, তা অসম্মানজনক। এখন এনিয়ে সরব না হলে এমন ঘটনা চলতেই থাকবে।” সমাজমাধ্যমেও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, “আজ আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি, আমরা কথা বলছি সমাজের স্বাধীনতা ও সমান মর্যাদাকে নিয়ে। কিন্তু আজও মহিলা শিল্পীদের ক্ষেত্রে স্বাধীনতা ও অধিকার কেড়ে নেওয়া সহজ। আমি এত বছর ধরে আমার একটা ভাবমূর্তি তৈরি করেছি। কিন্তু এবার চুপ করে থাকা মানে শিল্পীদের হেনস্থাকে সমর্থন করা।”

আরও পড়ুন: ৭৭তম প্রজাতন্ত্র দিবসে নজর কাড়ল প্রধানমন্ত্রীর রঙিন পাগড়ি! রয়েছে বিশেষ যোগ
গোটা ঘটনার বিরুদ্ধে মিমি চক্রবর্তী বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। তবে পুলিশ এখনও এনিয়ে মুখ খুলতে নারাজ। অন্যদিকে সমাজমাধ্যমে মিমি চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘স্টেজের অধিকার নিয়ে কোনও আপোষ করতে পারব না। বিষয়টা এখন আইনি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই এখন এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না।’ পাল্টা উদ্যোক্তা ক্লাব সদস্যদের অভিযোগ, ”নির্দিষ্ট সময়ের ঘন্টাখানেক বাদে মিমি চক্রবর্তী মঞ্চে আসেন, গান করেন। বারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠানের অনুমতি করা ছিল। সামনে ছাত্রছাত্রীদের বোর্ডের পরীক্ষা। সেই কারণে আমরা অনুষ্ঠান বন্ধ করি। মিমি চক্রবর্তীকে কোনও অপমান বা হেনস্থা করা হয়নি।”