বন্দে ভারতের খাবার খেয়ে ঠোঁট ফুলে ঢোল মহিলার! বিতর্ক উঠতেই প্রতিক্রিয়া IRCTC-র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বিতর্কে ভারতীয় রেলের গর্বের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের দূরপাল্লার ট্রেন বন্দে ভারতের খাবার নিয়ে এবার ভয়ঙ্কর অভিযোগ তুললেন এক মহিলা যাত্রী। ওই যাত্রীর দাবি, ওই এক্সপ্রেস ট্রেনের খাবার খাওয়ার পরই তাঁর শরীরে অ্যালার্জি দেখা দিয়েছে। ফুলে গিয়েছে ঠোঁট। ইতিমধ্যেই নিজের বক্তব্যের স্বপক্ষে প্রমাণ হিসেবে চিকিৎসকের প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তরুণী। যেই ঘটনায় ফের মুখ পুড়ল ভারতীয় রেল সহ IRCTC র।

অভিযোগের কথা এক্স হ্যান্ডেলে জানালেন তরুণী

বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন মহিলা যাত্রী। পরবর্তীতে সেই খবর নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন তিনি। চিকিৎসকের একটি প্রেসক্রিপশন শেয়ার করে ওই তরুণী লিখেছেন, “বন্দে ভারত এক্সপ্রেসে একেবারে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে।” একই সাথে ওই তরুণী এও বলেন খাবারের গুণমান নিয়ে রেল কর্মীদের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁরা নাকি পাত্তাই দেননি।

এদিন সোশ্যাল মিডিয়ায় তরুণী নিজের যে ছবি পোস্ট করেছিলেন সেখানে স্পষ্ট দেখা গেছে তাঁর ঠোঁট একেবারে ফুলে ঢোল! যা দেখে বোঝাই যাচ্ছে ওই মহিলা যাত্রীর শরীরে অ্যালার্জি বেড়েছে। যার কারণে এমন পরিণতি হয়েছে তাঁর। আর এই গোটা ঘটনার জন্য পুরোপুরি বন্দে ভারতের খাবার পরিবেশন ব্যবস্থা এবং রেলকে দায়ী করছেন ভুক্তভোগী।

কী জানাল IRCTC?

সোশ্যাল মিডিয়ায় মহিলা যাত্রীর প্রেসক্রিপশন এবং ফোলা ঠোঁট দেখার পর তড়িঘড়ি প্রতিক্রিয়া জানিয়েছে IRCTC। ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে খাবার পরিবেশন এর দায়িত্বে থাকা সহযোগী সংস্থাটি একেবারে স্পষ্ট জানিয়েছে, যেদিন ওই মহিলা যাত্রীকে খাবার পরিবেশন করা হয়েছিল তার আগে খাবারের নমুনা পরীক্ষা করা হয় এবং তাতে কোনও রকম অসংগতি মেলেনি। একই সাথে IRCTC এও জানায়, ওই দিন বন্দে ভারতের খাবার নিম্নমানের এ সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি। রেলের এই সহযোগী সংস্থাটি ইতিমধ্যেই ওই মহিলা যাত্রীর সাথে যোগাযোগ করেছে এবং তাঁর কাছ থেকে যাবতীয় তথ্য চাওয়ার পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে।

 

অবশ্যই পড়ুন: কাশ্মীর সীমান্তে ভারতের বিমান লক্ষ্য করে গুলি চালালো পাকিস্তান, যুদ্ধ বাঁধবে এবার?

 

উল্লেখ্য, বন্দে ভারতের মতো এক্সপ্রেস ট্রেনে খারাপ খাবার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এইতো কিছুদিন আগেই এক যাত্রীর অভিযোগ ছিল তাঁকে পচা খাবার পরিবেশন করা হয়েছে। বন্দে ভারতের খাবারে মাঝে মাঝে পোকাও নাকি পাওয়া যায়। মূলত এমন অভিযোগের পরই IRCTC ও খাবার পরিবেশনকারী সংস্থা বা ক্যাটারার ইউনিটকে মোটা টাকার জরিমানা করেছিল রেল।

 

Leave a Comment