সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কাই সত্যি হল। বন্ধ হয়ে গেল কোচবিহার-কলকাতা বিমান (Cooch Behar Kolkata Flight) পরিষেবা। বন্ধ হয়ে গিয়েছে কোচবিহার বিমানবন্দর। ২০২৫ সাল থেকেই শোনা যাচ্ছিল যে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ এই বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে। যদিও সেই সময়ে বিষয়টি জল্পনা স্টেটাসেই আটকে ছিল। তবে সেই জল্পনা এবার সত্যি করে বন্ধ হয়ে গেল বিমানবন্দর, সঙ্গে বন্ধ হল দুই জেলার মধ্যে বিমান পরিষেবা।
বন্ধ হয়ে গেল কোচবিহার-কলকাতার বিমান পরিষেবা!
এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে হঠাৎ পরিষেবা কেন বন্ধ করা হল? আসলে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই রুট পরিচালনাকারী বিমান সংস্থাটি তাদের চুক্তি রিনিউয়াল না করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়া ওয়ান এয়ার নামক সংস্থার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় ৩১ জানুয়ারি, ২০২৬-এ। অবশ্য তার আগে থেকেই পরিষেবা বন্ধ হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে, প্রায় দুই বছর ধরে চালু থাকা বিমান পরিষেবাটি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, যা জেলা জুড়ে রাজনৈতিক বিতর্কের জন্ম দিচ্ছে।
জানা গিয়েছে, গত ৮ জানুয়ারি এক বারই কোচবিহার বিমানবন্দরে বিমান ওঠানামা করেছিল। এর পর থেকে ধীরে ধীরে বিমান সংস্থা একে একে তাদের কর্মীদের সরাতে শুরু করে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সব সরিয়ে নেওয়া হতে শুরু করে। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় কোচবিহার থেকে কলকাতা— এই পথে উড়ান পরিষেবা তিন বছরের চুক্তিতে চালু হয়েছিল। ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পরিষেবা। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শনিবার বন্ধ হল পরিষেবা।
কী বলছেন ব্যবসায়ীরা?
বিমান পরিষেবা বন্ধ করার বিষয়ে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই প্রসঙ্গে জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ বলেন, ‘আমাদের ব্যবসায়ীদের কাছে এবং কোচবিহারবাসীর কাছে এটি খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এই বিমান পরিষেবা যাতে চালু থাকে সেই বিষয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর কাছে লিখিত ভাবে জানিয়েছিলাম।’
আরও পড়ুনঃ সোনার দামে বিরাট ধস, রুপোও কমল ৫০,০০০ টাকা! আজকের রেট
অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘এই বিমানবন্দরটি আরও ভাল ভাবে তৈরি করে আরও বেশি আসনের বিমান ওঠানামা করানো উচিত ছিল। তা না করে ছোট বিমান চালিয়ে লাভজনক হচ্ছে না বলে, পুরো পরিষেবা বন্ধ করে দিল। এটা হবুচন্দ্র রাজার গবুচন্দ্র বুদ্ধি। যাঁদের দায়িত্ব, তাঁরা বড় বড় কথা না বলে কাজ করুক।’