বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে যাত্রীদের দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উপহার দিয়েছে ভারতীয় রেল। যা ছুটছে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত। এছাড়াও নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করারও ঘোষণা এসেছে রেলের তরফে। এরই মাঝে দুঃখের খবর শুনিয়েছে রেলমন্ত্রক। জানা যাচ্ছে, চলতি সপ্তাহ থেকেই দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আর চলবে না। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসেই পথচলা থমকে যাচ্ছে দুই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। কিন্তু কোন রুটে?
এই দুই বন্দে ভারত আর চালাবে না ভারতীয় রেল!
রেল সূত্রে খবর, চলতি সপ্তাহ থেকে উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট এবং উদয়পুর সিটি-জয়পুর রুটের দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আর চালাবে না ভারতীয় রেলওয়ে। বিস্তারিতভাবে বলতে গেলে, ট্রেন নম্বর 20981/20982 উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট আবার আগ্রা থেকে উদয়পুর সিটি আপ এবং ডাউন বন্দে ভারত এক্সপ্রেস আগামী 15 ফেব্রুয়ারি থেকে আর চলবে না। একই সাথে, ট্রেন নম্বর 20979/20980 উদয়পুর সিটি-জয়পুর সিটি বন্দে ভারত
এক্সপ্রেস ট্রেন 14 ফেব্রুয়ারি থেকেই বন্ধ হয়ে যাচ্ছে।
চালু হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস
ভারতীয় রেল সূত্রে যা খবর, দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বন্ধ হলেও নতুন একটি সেমি হাই স্পিড বন্দে ভারত ট্রেন চালু করা হবে। এই ট্রেন মূলত রাজস্থান ও গুজরাতের মধ্যে দিয়ে ছুটবে। বলাই বাহুল্য, উদয়পুর এবং আসারওয়া অর্থাৎ আহমেদাবাদের মধ্যে দিয়ে চলবে এই ট্রেন। এই নতুন ট্রেন পরিচালনার দায়িত্বে থাকছে উত্তর-পশ্চিম রেলওয়ে।
অবশ্যই পড়ুন: হঠাৎ হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা, বিশ্বকাপের মাঝেই মাথায় বাজ টিম ইন্ডিয়ার!
মূলত যাত্রীদের সুবিধার্থে উদয়পুর সিটি থেকে আহমেদাবাদের আসারওয়া পর্যন্ত এই বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে বলেই বিবৃতি জারি করে জানিয়েছে উত্তর পশ্চিম রেলবোর্ড। সংশ্লিষ্ট মহলের অনেকেরই আশা, এই ট্রেন চালু হয়ে গেলে গুজরাত এবং রাজস্থানের মধ্যে যোগাযোগ যেমন বাড়বে তেমনই গতি আসবে অর্থনৈতিক ব্যবস্থায়। এছাড়াও দুই রাজ্যের মানুষ একে অপরের সাথে জুড়তে পারবেন সহজেই। তবে হঠাৎ করে ঠিক কোন কারণে দুটি বন্দে ভারত বন্ধ করা হচ্ছে সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি।