বয়কট না ছাই! বিশ্বকাপ খেলতে কলম্বোর টিকিট কেটেও ফেলেছে পাকিস্তান

Pakistan T20 World Cup they booked flight tickets to go Colombo-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ খেলব, খেলব না করেও আসন্ন প্রতিযোগিতার জন্য গোপনে পুরোপুরি প্রস্তুতি সারছে পাকিস্তান দল (Pakistan T20 World Cup)! কিছুদিন আগেই পাক বোর্ডের তরফে এক প্রকার হুমকি দিয়েই বলা হয়েছিল, সরকার চাইলে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে তারা। এসব সত্ত্বেও বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার পর এবার শোনা যাচ্ছে, কলম্বোর বিমানের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান ক্রিকেট দল। আর তাতেই ক্রীড়া মহলের অনেকেই বুঝে গিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ বয়কট আদতেই নাটক।

বিশ্বকাপ খেলবে পাকিস্তান?

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই ম্যাচগুলি হবে লাহোর স্টেডিয়ামে। এরপর সেই সিরিজ শেষ হলে অস্ট্রেলিয়া দলের সাথেই সোজা কলম্বো পৌঁছবে পাকিস্তান ক্রিকেট টিম। সেই মতোই নাকি শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জানা যাচ্ছে, পাকিস্তান যেহেতু তাদের বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে তাই ইতিমধ্যেই কলম্বোর বিমানের টিকিট কেটে ফেলেছে তারা।

এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি কার্যত হুঁশিয়ারি দিয়েই জানিয়েছিলেন, বাংলাদেশের সাথে যেটা হয়েছে তা অত্যন্ত অন্যায়। এই ঘটনা একেবারেই সমর্থন করে না পাকিস্তান। শুধু তাই নয়, ভাইয়ের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করে দিতে পারে বলেই জানিয়েছিলেন তিনি। সেইসব গলাবাজির পরেও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তারপর পরই আবার PCB জানায়, তারা পুরনো সিদ্ধান্ত থেকে সরেনি। তবে এবার কলম্বো যাওয়ার জন্য বিমানের টিকিট বুকিং করার খবর সামনে আসতেই একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে, আর যাই হয়ে যাক পাকিস্তান বিশ্বকাপ খেলছে…

অবশ্যই পড়ুন: দিনে ৭ টাকা করে বিনিয়োগ, প্রতি মাসে পাবেন ৫০০০ টাকা পেনশন

উল্লেখ্য, যা খবর, বিশ্বকাপে অংশগ্রহণ না করা নিয়ে খুব একটা সমর্থন পাচ্ছেন না মহসিন নকভি। পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কেউই নাকি পাক বোর্ডের প্রধানকে বিশেষ সমর্থন দিচ্ছেন না। এদিকে অনেকে আবার মনে করছেন, বিশ্বকাপ বয়কট করার কোনও চিন্তাই নেই পাকিস্তানের। প্রকাশ্যে যা দেখানো হচ্ছে সবটাই নাটক।

Leave a Comment