বয়সের প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে না আধার, পেনশন প্রাপকদের জন্য দুঃসংবাদ!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের পেনশনভোগীদের জন্য খারাপ খবর! এবার জাতীয় ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে বয়সের শংসাপত্র হিসেবে প্রযোজ্য হবে না আধার কার্ড (Pension Aadhaar Rule)। অর্থাৎ আধার কার্ড পেনশনে বয়সের শংসাপত্র হিসেবে বিবেচিত নয়। জানা যাচ্ছে, বয়স প্রমাণের জন্য আধার কার্ডের সাথে সংযুক্ত আবেদনকারীদের সমস্ত ফর্ম সমাজকল্যাণ বিভাগকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে পেনশনের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হবে দশম শ্রেণীর মার্কশিট।

পেনশনের বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বৈধ নয়

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলা সমাজকল্যাণ কর্মকর্তা বিকাশ দিগবীয় সিং কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিভাগ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার থেকে পেনশনভোগীদের নিজেদের বয়স প্রমাণের জন্য আধার কার্ড দেখালে হবে না। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পেনশনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বয়সের প্রমাণ পত্র হবে দশম শ্রেণীর মার্কশিট। নতুন আবেদনকারী, যাঁরা পেনশনের জন্য আবেদন করবেন তাঁদের এবার থেকে আবেদন পত্রের সাথে দশম শ্রেণীর মার্কশিট অথবা ফ্যামিলি আইডির একটি ফটোকপি জমা করতে হবে।

বলাই বাহুল্য, সুপ্রিম কোর্টের তরফে আগেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড ব্যক্তির বয়স প্রমাণ করে না। সে কারণেই এই নথিকে জন্মের তারিখের চূড়ান্ত বা বৈধ প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। বয়স প্রমাণ করতে হলে দেখাতে হবে বার্থ সার্টিফিকেট এবং দশম শ্রেণীর সার্টিফিকেট। সেই মতোই, এবার বিভিন্ন সরকারি ক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে আধারের প্রয়োজনীয়তা কমছে।

অবশ্যই পড়ুন: ATM থেকে কতবার টাকা তোলার পর দিতে হবে চার্জ? ১ এপ্রিলে বদলাচ্ছে নিয়ম

প্রসঙ্গত, যদি কেউ ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের সুবিধা নিতে চান সেক্ষেত্রে তাঁর বয়স ন্যূনতম 60 বছর বা তার বেশি হতে হবে। এছাড়াও আবেদনকারীর রেশন কার্ড BPL বিভাগে অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ নিশ্চিত করতে হবে যে আবেদনকারী দারিদ্র সীমার নিচে বসবাস করেন।

Leave a Comment