বরাদ্দ ১০২ কোটির বেশি, আবাস যোজনা নিয়ে কোচবিহারবাসীর জন্য সুখবর

Bangla Awas Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাস কয়েক বাদেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই ভোটকে পাখির চোখ করে রাজ্যে বেশ ব্যস্ততা দেখা গিয়েছে। এমতাবস্থায় SIR নিয়ে শুরু হয়েছে আরও এক উত্তেজনা। শুনানি ঘিরে বিনা কারণে সাধারণদের ওপর অত্যাচার করার অভিযোগ তুলে বিক্ষোভ তৈরি হয়েছে জেলায় জেলায়। আর এই বিতর্ক পরিবেশের মাঝেই আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রসঙ্গে উঠে এল বড় খবর। জানা গিয়েছে চলতি মাসেই রাজ্য সরকার বাংলা আবাস যোজনার জন্য উপভোক্তাদের একদফা টাকা দিতে চলেছে।

আবাস-প্রকল্প নিয়ে এখনও সংঘাত কেন্দ্র এবং রাজ্যের!

পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরতলি এলাকার সাধারণ মানুষের জন্য সরকারের অন্যতম স্বপ্নের প্রকল্প হল ‘আবাস যোজনা’। নিজস্ব পাকা ছাদের স্বপ্ন পূরণের লক্ষে উপভোক্তারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছেন। যদিও এই প্রকল্প নিয়ে শুরু থেকেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। অর্থ লেনদেনে কারচুপির অভিযোগ তুলে কেন্দ্র অনেকদিন আগেই রাজ্যকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে, বারংবার রাজ্য কেন্দ্রের কাছে চিঠি পাঠালেও কোন আবেদনে সাড়া দেয়নি, শেষে রাজ্য সরকার নিজের উদ্যোগেই এই প্রকল্প চালিয়ে চলেছে। এমতাবস্থায় এই প্রকল্পে এবার চলতি মাসেই কোচবিহারে ১০২ কোটি টাকারও বেশি বরাদ্দ জেলা পরিষদে পাঠানো হয়েছে।

আবাস যোজনার জন্য এসে গেল ১০২ কোটি!

এইসময়-এর রিপোর্ট মোতাবেক, জেলাগুলাতে চলতি মাসেই আবাস যোজনার বরাদ্দ পাঠিয়ে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করার পরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া যায়। সম্প্রতি জানা গিয়েছে, গোটা রাজ্যের কিছু উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার চেক নিজের হাতে তুলে দেবেন। ফলে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এদিকে আবাস যোজনার তালিকার ওয়েটিং লিস্টে থাকা কোচবিহারের ১ লক্ষ ৮৬ হাজার পরিবার ঘর পাবে। এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১ লক্ষ ১৩ হাজার পরিবারকে আবাস যোজনার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার।

আরও পড়ুন: বাড়ছে প্রায় ১৫০ পদ, WBCS ক্যাডার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নবান্নর

আবাস যোজনার প্রকল্প প্রসঙ্গে কোচবিহার জেলা পরিষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার সৌমেন দত্ত জানিয়েছেন, ‘সব বিলিয়ে জেলার ১ লক্ষ ৮৬ হাজার উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ পাবেন। তার মধ্যে ১ লক্ষ ৬৭ হাজার উপভোক্তার বরাদ্দ চলে এসেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।’

Leave a Comment