বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারের ধাক্কা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না ভারত। নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (India Vs New Zealand T20) হারিয়ে সেই যন্ত্রণায় কিছুটা মলম লাগানোর সুযোগ ছিল সূর্যকুমার যাদবদের হাতে। সেই সুযোগের একেবারে সদ্ব্যবহার করে ছাড়ল ভারতের টি-টোয়েন্টি দল। ব্যাটে বলে নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করে চোখে সর্ষের ফুল দেখালো ভারত। বুধবার, শুভদিনে ধীরে চলো নীতি অনুসরণ করে নিউজিল্যান্ড বাহিনীকে বড় রানে পরাস্ত করল টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারল না নিউজিল্যান্ড
বুধবার, টস হেরে বাধ্য হয়ে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রত্যাশামতোই সিরিজের প্রথম দিন ওপেনিং করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। আশা ছিল দুজনেই সীমিত ওভারের ইনিংসে দলকে অনেকদূর নিয়ে যাবেন। তবে শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলে 10 রানে আউট হয়ে মাঠ ছাড়েন স্যামসন। পরবর্তীতে সদ্য দলে জায়গা পাওয়া ইশান কিষাণও 8 রানে সাজঘরে ফেরেন। এরপর অবশ্য নিউজিল্যান্ডের খুরোধার বোলিংয়ের সামনে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন অভিষেক শর্মা।
একার হাতে প্রতিপক্ষের বোলারদের একেবারে ছাতু করে ছেড়েছিলেন তিনি। এদিন অভিষেক ঝড়ে কার্যত কাবু হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। বাউন্ডারি ওভার বাউন্ডারিতে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস ক্রমশ বাড়িয়ে চলেছিলেন তিনি। বুধবার, ভাগ্যক্রমে ব্যাটে রান পেয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অভিষেককে সঙ্গ দিয়ে নিজেও 32 রান তুলেছিলেন স্কাই। এরপর আর রান করতে পারেননি সূর্য। এদিকে অভিষেকের ব্যাট যেন কিছুতেই থামছিলই না। প্রথমদিকে মনে হচ্ছিল হয়তো সেঞ্চুরি করেই ছাড়বেন শর্মা। যদিও শেষ পর্যন্ত 84 রানে বিদায় নেন তিনি। পরবর্তীতে রিঙ্কুর 44 রানের ঝোড়ো ইনিংসে চেপে নিউজিল্যান্ডকে 239 রানের লক্ষ্য দেয় ভারত।
ভারতের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। তবে শুরুতেই সেই আত্মবিশ্বাস ভাঙেন অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। ম্যাচের শুরুতেই উড়ে যায় দুই ব্যাটসম্যানের উইকেট। প্রথম ধাপে 3 উইকেট পড়লেও নিউজিল্যান্ডকে জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিলেন গ্লেন ফিলিপ্স। গত ওয়ানডে সিরিজের মতোই ব্যাট হাতে একেবারে রুদ্র মূর্তিতে দেখা গেল তাঁকে। চার ছয় হাঁকিয়ে ভারতীয় বোলারদের ঘাম ছুটিয়ে দিলেন তিনি। ব্যাট হাতে খেলা পুরো জমিয়ে দিয়েছিলেন ফিলিপস। 40 বলে তুলে ফেলেছিলেন 78 রান। ঠিক তখনই নিউজিল্যান্ড তারকার উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। ছন্দ কাটে কিউইদের।
অবশ্যই পড়ুন: IPL-র আগেই গরম খবর, প্রাক্তন উইকেটরক্ষককে কোচ করছে KKR
ফিলিপ্স আউট হলে মাঠে নামেন গত ওয়ানডে সিরিজের নায়ক ড্যারিল মিচেল। কিউই তারকা মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই পঞ্চম উইকেট পড়ে নিউজিল্যান্ডের। আউট হয়ে মাঠ ছাড়েন চ্যাপম্যান। 25 বলে নিউজিল্যান্ডের দরকার 86 রান। দূরের রাস্তা অতিক্রম করা মিচেলের কাছে খুব একটা কঠিন কাজ নয়। সামনে যে বরুণ চক্রবর্তীরা আছেন। মারতে গেলেই কারও না কারও হাতে ধরা পড়তে হবে তাঁকে। তবুও চেষ্টায় কমতি রাখেননি মিচেল। হাতে বল অল্প আছে জেনে একের পর এক চার মারতে থাকলেন তিনি। তবে শত চেষ্টায়ও শেষ রক্ষা হল না। শেষ পর্বে গিয়ে 28 রানে আউট হন মিচেল। তাঁর চলে যাওয়ার পর আরও একটি উইকেট হারায় নিউজিল্যান্ড। তাতে 3 উইকেট হাতে থাকলেও নির্ধারিত সময়ের কাছে হার মানতে বাধ্য হলেন কিউইরা। সিরিজের প্রথম আসরেই 48 রানে জিতল ভারত।