বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকাকে গুটিয়ে দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল ভারত। সেই ম্যাচের পর একটা টানা ছুটি পেয়েছে টিম ইন্ডিয়া। যদিও সেই সময়ের মধ্যে ভারতীয় দলের উপর থেকে কার্যত ঝড় বয়ে গিয়েছে। 12 তারিখের ম্যাচে (India Vs Namibia) নামার আগে জসপ্রীত বুমরাহর বলে চোট পান ইশান কিষাণ। এদিকে পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয় অভিষেক শর্মাকে। যার কারণে বৃহস্পতিবারের ম্যাচে অংশ নিতে পারেননি তিনি। ওদিকে আজকের ম্যাচে সুযোগ পায়নি মহম্মদ সিরাজও। কিন্তু তাতেও তুরিতে নামিবিয়াকে হারালেন সূর্যকুমার যাদবরা।
নামিবিয়াকেও গুঁড়িয়ে দিল ভারত
বৃহস্পতিবার, টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। সেই সূত্রেই বাধ্য হয়ে ব্যাট করতে নামে ভারত। এদিন ইশানের হাত ধরে টিম ইন্ডিয়ার শুরুটা ভালই হয়েছিল। একার হাতে 61 রান করেন তিনি। এর মাঝে সূর্য থেকে শুরু করে তিলক মাঠে নামলেও বিশেষ কিছুই করতে পারেননি কেউই। তবে সহায় হয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
নামিবিয়ার সামনে একেবারে রুখে দাঁড়িয়ে 52 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। সেই সূত্রেই নির্ধারিত 20 ওভারে 209 রান তোলে ভারতীয় দল। তবে দুঃখের বিষয় এদিন সহজ প্রতিপক্ষের বোলারদের সামনে এক প্রকার ধুঁকেছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। তাই তো 20 ওভারের ম্যাচ 9 উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর ভারতের দেওয়া 210 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা আত্মবিশ্বাসী ইনিংস দিয়ে করেছিলেন নামিবিয়ার ওপেনাররা। তবে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তারা।
অবশ্যই পড়ুন: আরও একটি নতুন বন্দে ভারত পেল বাংলা, কোন রুটে ছুটবে? দেখে নিন
একটা সময় পর্যন্ত ভারতীয় দলের সামনে থেমে থেমে রান তুললেও এরপর থেকে যারাই ব্যাট হাতে পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমেছিলেন ব্যর্থ হয়েছেন সকলেই। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলদের ঝাঁঝালো বোলিংয়ের সামনে একটা সময় গিয়ে 98 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল নামিবিয়া। বলা চলে, সেখানেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গিয়েছিলেন তারা। এরপর আর কি! ক্রমাগত প্রতিপক্ষের উইকেট ভেঙে নিজের সিংহ রূপ দেখায় ভারত। এখন অপেক্ষা পাকিস্তানের বিরুদ্ধে 15 ফেব্রুয়ারির ম্যাচের।