বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হচ্ছে অপেক্ষা। আগামী ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL। সেই মতোই, একে একে তৈরি হচ্ছে সব ক্লাব। মোহনবাগান যেহেতু গতবারের চ্যাম্পিয়ন ফলে এবছর টুর্নামেন্টের সূচনা হবে সবুজ মেরুনের ম্যাচ দিয়েই। সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দিন কেরালার মুখোমুখি হবে মোহনবাগান। এদিকে দুর্ধর্ষ দুই প্লেয়ারকে ছেড়ে দেওয়ায় যোগ্য স্ট্রাইকার খুঁজছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই মতোই কথাবার্তা এগিয়েছিল কঙ্গোর এক দাপুটে স্ট্রাইকারের সাথে। তবে এখন শোনা যাচ্ছে তিনি ইস্টবেঙ্গলে আসছেন না।
ইস্টবেঙ্গলে আসছেন না কঙ্গোর ‘দ্য ট্যাঙ্ক’
প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে বড় আশা নিয়ে মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদাকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। তবে লাল হলুদ জার্সি গায়ে দিয়ে নিজের নামের প্রতি সে অর্থে সুবিচার করতে পারেননি এই ফুটবলার। যার ফলে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে তাঁকে। ওদিকে ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের নায়ক দিমিত্রি দিয়ামানতাকোসের বদলি হিসেবে নিয়ে আসা হয়েছিল জাপানের দীঘল ফুটবলার হিরোশি ইবুসুকিকে। সেই প্লেয়ারও নিজেকে মেলে ধরতে পারেননি ইস্টবেঙ্গলের জার্সিতে। ফলে তাঁকেও ছেড়ে দেয় মশাল ব্রিগেড।
ইন্ডিয়ান সুপার লিগের প্রাক্কালে দুই স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে বিকল্প স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছিল ইস্টবেঙ্গল। লাল হলুদের রাডারে ছিল বেশ কয়েকজন ফুটবলার। সেই তালিকায় একেবারে প্রথম দিকেই ছিলেন কঙ্গোর স্ট্রাইকার ওয়াল্টার বাওয়ালার। বলে রাখি, কঙ্গোর এই তারকা ফুটবলার দ্যা ট্যাঙ্ক নামেও পরিচিত। শোনা গিয়েছিল, হামিদের মতো স্ট্রাইকারের শূন্যস্থান ভরাট করতে এই ফুটবলারের সাথে যোগাযোগ করে কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। এই তারকাও লাল হলুদের আসতে আগ্রহী ছিলেন। তবে শেষ মুহূর্তে শোনা যাচ্ছে, তিনি ইস্টবেঙ্গলে আসছেন না।
অবশ্যই পড়ুন: বিশ্বের সবচেয়ে বয়স্ক অধিনায়কের রেকর্ড তাঁর নামেই, প্রয়াত মহান ক্রিকেট তারকা নরম্যান
বলাই বাহুল্য, আল আহলি, ওয়াইদাদ এসি এমনকি আল কাদশিয়া দলের হয়েও মাঠে ঝড় তুলে নিজের জাত চিনিয়েছিলেন এই কঙ্গো ফুটবলার। ইস্টবেঙ্গলের তরফে বছর 30 এর স্ট্রাইকারের সাথে যোগাযোগ করা হলে তিনি নাকি এক কথাতেই রাজি হয়ে যান। ইস্টবেঙ্গলও তাঁকে সই করানোর পথে হাঁটছিল। তবে হঠাৎ শোনা যাচ্ছে বেশ কিছু সমস্যার কারণে ইস্টবেঙ্গলে আসা হচ্ছে না এই ফুটবলারের। এ নিয়ে অবশ্য মুখ খোলেনি লাল হলুদ ম্যানেজমেন্ট।