সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। বাংলাদেশে নির্বাচন, নিপা ভাইরাসে মৃত্যু, অভিষেক বনাম নির্লা, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পুনেতে খুন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক
পুনেতে খুন হয়েছেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। তিনি ২০২১ সাল থেকে সেখানে কাজ করছিলেন। কোরেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার অভিযোগ করছে, বাংলা ভাষায় কথা বলার কারণেই হয়তো তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশ তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাকে ঘৃণ্য অপরাধ বলেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) রাশিয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়া ব্যান
রাশিয়ার বড়সড় পদক্ষেপ নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দেওয়া হয়েছে। জাতীয় ডিএনএ থেকে ডোমেইন সরিয়ে দেওয়ার কারণে ব্যবহারকারীরা আর সাইটগুলোতে প্রবেশ করতে পারছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কিছু ওয়েবসাইট এবং টর ব্রাউজারও ব্লক করে দেওয়া হয়েছে। সরকার রাষ্ট্রীয় প্ল্যাটফর্মকে ব্যবহারে জোর দিচ্ছে। এনক্রিপ্টেড ডেটা তদন্তে এক্সেস না দেওয়াকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে জানিয়েছে রাশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বাংলাদেশে নির্বাচন ঘিরে একাধিক জায়গায় অশান্তি
বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘিরে একাধিক জায়গায় অশান্তির ঘটনা। গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমর্থকদের বিরুদ্ধে। সবথেকে বড় ব্যাপার, খুলনায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মহিবুুজ্জামান কচি, যার জন্য জামাতকেই দাবি করা হচ্ছে। তবে তারা অভিযোগ অস্বীকার করেছে। এমনকি মহম্মদ ইউনুসও এদিন ভোট দিয়ে শান্তিপূর্ণ দাবি জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কলকাতায় চালু হচ্ছে ২৫টি সিএনজি বাস
কলকাতাবাসীর জন্য বিরাট সুখবর। খুব শীঘ্রই চালু হচ্ছে ২৫টি সিএনজি চালিত বাস। গরমে আরামদায়ক ভ্রমণ এবং দূষণ কমাতে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন শুধুমাত্র চালুর অপেক্ষা। হাওড়া, বারাসাত, নিউ টাউন, শিয়ালদা, বিমানবন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে এই বাস চলবে। ইলেকট্রিক বাসের ব্যাটারি সমস্যা এবং রক্ষণাবেক্ষণের খরচ বাড়ার কারণে বিকল্প হিসেবে জোর দিচ্ছে পরিবহন দফতর। ফলে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে আর পরিবেশবান্ধব যাতায়াত সম্ভব হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) উত্তরপ্রদেশে পুলিশের এনকাউন্টারের মৃত্যু মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীর
উত্তরপ্রদেশে মোজাফফরনগরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী আমজাদের। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে অভিযান চালিয়েছিল পুলিশ। আত্মসমর্পণের নির্দেশ অমান্য করে আমজাদ গুলি চালালে পাল্টা গুলি চালিয়েছে পুলিশ। এই সংঘর্ষেএক সাব-ইন্সপেক্টর এবং এক কনস্টেবল আহত হয়েছে। গুলিবিদ্ধ আমজাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে খুন, অপহরণ এবং তোলাবাজি সহ চল্লিশটি মামলা ছিল। তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডকে বিরাট নির্দেশ হাইকোর্টের
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিতর্কের জেরে এবার কলকাতা হাইকোর্ট লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর সহ সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। ২০২৫ সালের পরীক্ষায় ফল নম্বর ছাড়া প্রকাশ হওয়ার কারণে প্রার্থীরা আদালতের দারস্থ হয়েছিল। আদালত ইন্টারভিউ শুরুর আগেই নম্বর প্রকাশ করতে বলেছে। কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য পুলিশ ডিভিশন বেঞ্চে গিয়েছে। দাবি করা হচ্ছে, নম্বর প্রকাশ আইনত বাধ্যতামূলক নয়। তাই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও অনিশ্চয়তা বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) প্রয়াত সাংবাদিক সরলা মহেশ্বরী
প্রয়াত হয়েছেন দূরদর্শন আর কিংবদন্তি সংবাদ পাঠক এবং সাংবাদিক সরলা মহেশ্বরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শান্ত কণ্ঠস্বর, শুদ্ধ হিন্দি উচ্চারণ আর মার্জিত উপস্থাপনার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। ১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত দূরদর্শনে তিনি কাজ করেছেন। সাদাকালো থেকে রঙিন টিভি যুগের সাক্ষী ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পরিবার এবং দূরদর্শন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সাংবাদিক মহলে এ নিয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) লোকসভা নির্বাচনে নির্মলা সীতারামন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ
লোকসভায় বাজেট অধিবেশন ঘিরে জিএসটি ইস্যুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবার তীব্র বাকযুদ্ধ শুরু হল। নির্মলা অভিষেকের তথ্যকে বিভ্রান্তিকর বলেছেন। আবার অভিষেক পাল্টা বিভিন্ন পণ্যে জিএসটির হার তালিকা দিয়ে তুলে ধরেছেন। তিনি দুধ থেকে শুরু করে গ্রাফ পেপার, ল্যাব নোটবুক, অক্সিজেন সিলিন্ডার, ইনসুলিন এবং ধুপকাঠিতে করের কথা উল্লেখ করেছেন। এমনকি আইন-শৃঙ্খলা নিয়ে নির্মলার কটাক্ষে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বারাসাতে নিপা ভাইরাস আক্রান্তে মৃত্যু
বারাসাতে নিপা ভাইরাস আক্রান্তে এক তরুণী নার্সের মৃত্যুতে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ৪ জানুয়ারি অসুস্থ হওয়ার পর তাঁকে প্রাথমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে ১০ জানুয়ারি বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়। ফুসফুসে দ্বিতীয় সংক্রমণ ধরা পড়েছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। একই হাসপাতালে আক্রান্ত আরেক পুরুষ নার্স সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পাটুলিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ
দক্ষিণ কলকাতার পাটুলিতে গভীর রাতে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার রাত বারোটা নাগাদ পাটুলি মোড়ে চার যুবক অশ্লীল অঙ্গিভঙ্গি এবং ধাক্কাধাক্কি করে। এমনকি প্রতিবাদ করাতে তারা চড়াও হয়। তরুণীর চিৎকারে টহলদারি পুলিশ আসলে অভিযুক্তরা পালায়। অভিযোগ দায়েরের পর পুলিশ রাতারাতি দেবাংশু দাস, পল্লবকুমার হালদার, শুভজিৎ মন্ডল আর সুমন দাসকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন