বাংলার জন্য কিছু নেই! বাজেটকে ‘হাম্পটি-ডাম্পটি’ বলে কটাক্ষ মমতার

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সেই ঐতিহাসিক দিন। হ্যাঁ, লোকসভায় কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সেই বাজেটকে ‘হাম্পটি-ডাম্পটি বাজেট’ বলে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও দুর্বল করছে কেন্দ্র। কেন্দ্রের পেশ করা বাজেটকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “এটা পুরো হাম্পটি-ডাম্পটি বাজেট।”

দিল্লিতে মমতার সফর

উল্লেখ্য, সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের কাছেই তিনি রাজ্যের অবস্থান তুলে ধরবেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত তিনি নির্বাচন কমিশনারকে মোট ছয়টি চিঠি দিয়েছেন। সোমবার সরাসরি কমিশনে গিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তুলে ধরবেন তিনি।

তবে কেন্দ্রীয় বাজেট শেষ হওয়ার পর কালীঘাটের বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরের পথে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেটে কোনও রকম দিশা নেই। অর্থনীতি সম্পূর্ণ বেলাইনে চলে গেছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করছে কেন্দ্র। তিনি আরও দাবি করেন, এই বাজেট সম্পূর্ণ মহিলা বিরোধী এবং তপশিলি জাতি ও উপজাতি বিরোধী। এতে সাধারণ মানুষ কোনও স্বস্তি পাবে না। মমতার অভিযোগ, বাজেট কেবলমাত্র বড় বড় প্রতিশ্রুতি আর কথার ফুলঝুরি। বাস্তবে তার কোনও রকম প্রতিফলন নেই।

আরও পড়ুন: আয় গোপন করলেও যেতে হবে না জেলে! করদাতাদের বিরাট সুখবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা

বাজেটে বাংলার বরাদ্দ নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

এদিন পশ্চিমবঙ্গ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, বাংলাকে এই বাজেটে কী দেওয়া হয়েছে? শুধু বড় বড় কথা। ডানকুনি-সুরাট রেল করিডর প্রসঙ্গে তিনি দাবি করেছেন, এই প্রকল্পের ঘোষণা তিনি ২০০৯ সালের বাজেটে করেছিলেন। একইভাবে জঙ্গলমহলের জঙ্গল সুন্দরী প্রকল্প, চামড়া ও সিমেন্ট শিল্পে বিনিয়োগ সবকিছু রাজ্য সরকারের উদ্যোগে হয়েছে বলে জানিয়েছেন তিনি। মমতার স্পষ্ট অভিযোগ, কেন্দ্র বাংলা থেকে রাজস্ব নিয়ে যাচ্ছে। তবে এক পয়সাও ফেরত দিচ্ছে না। সাংবিধানিক এবং অর্থনৈতিক কাঠামো দুটোই ধ্বংস করছে কেন্দ্র সরকার।

Leave a Comment