বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর অর্থ খরচ করে দূরের ব্যাঙ্কে যাওয়ার কষ্ট করতে হবে না। ব্যাঙ্কই আসবে গ্রাহকদের বাড়িতে (Bank ATM Van)। হ্যাঁ, কিছুটা অবাক লাগলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের সুবিধার্থে বিশেষ ভ্রাম্যমান ব্যাঙ্ক পরিষেবা চালু হয়েছে। প্রত্যন্ত গ্রামে গ্রাহকদের বাড়ি থেকে শুরু করে মেলার মাঠ এমনকি জমজমাট বাজারেও গাড়ির পিঠে চেপে পৌঁছে যাবে আস্ত একটা ব্যাঙ্ক। জানা যাচ্ছে, গ্রাহকদের যাতে আর অর্থ খরচ করে দূরে ব্যাঙ্কিং পরিষেবা পেতে ছুটতে না হয় সেজন্যই বাংলার বুকে বিশেষ ভ্রাম্যমান ব্যাঙ্ক বা দুয়ারে ব্যাঙ্ক পরিষেবা চালু করেছে এক কো-অপারেটিভ ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান।
কোথায় চালু হয়েছে দুয়ারে ব্যাঙ্ক পরিষেবা?
জানা যাচ্ছে, দ্য বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে বর্ধমানের বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলিতে চালু হয়েছে ভ্রাম্যমান ব্যাঙ্কিং পরিষেবা। মূলত যেসব গ্রামাঞ্চলে ATM নেই অর্থাৎ টাকা তোলার জন্য দূর দূর যেতে হয় গ্রাহকদের সেইসব গ্রামেই পৌঁছে যাবে ব্যাঙ্কের বিশেষ গাড়ি। গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাওয়ার পাশাপাশি গ্রামের মেলাগুলির মাঠেও মিলবে ব্যাঙ্কিং পরিষেবা। সূত্রের খবর, একটি 407 গাড়ি যেন নিজেই একটি ছোট্ট ব্যাঙ্ক। যার নাম দেওয়া হয়েছে ATM ভ্যান।
বর্ধমানের ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাচ্ছেন, ব্যাঙ্কের বিশেষ গাড়িটি মূলত পূর্ব এবং পশ্চিম বর্ধমানের প্রত্যন্ত গ্রামে ঘোরাফেরা করবে। গাড়ি নির্ধারিত জায়গা গুলিতে গিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াবে। যাতে ওই অঞ্চল গুলির স্থানীয় বাসিন্দারা টাকা তোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার মতো পরিষেবা সহজেই অ্যাক্সেস করতে পারেন। নিরাপত্তার কথা ভেবে ব্যাঙ্কের গাড়িতে থাকছে সিসিটিভি ক্যামেরাও।
অবশ্যই পড়ুন: “কঠোর ব্যবস্থা নেওয়া উচিত!” বাংলাদেশকে নিয়ে ICC-কে পরামর্শ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের
ব্যাঙ্ক সূত্রে খবর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে যেসব বাজারের কাছাকাছি কোনও ATM নেই সেই সব স্থান, মেলার মাঠ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে 1 ঘন্টার জন্য দাঁড়াবে ব্যাঙ্কের বিশেষ গাড়িটি। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত বর্ধমান জুড়ে মোট তিনটি ভ্রাম্যমান ব্যাঙ্ক চালু করা হয়েছে। এ প্রসঙ্গে ওই কো-অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার অমিত রজক জানিয়েছেন, “গাড়িগুলি সকাল সকাল বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে গিয়ে এক ঘন্টা করে দাঁড়াবে। এরপর আশেপাশের মানুষজন ওই ATM ভ্যান থেকে টাকা তোলা এমনকি লোনের মতো পরিষেবা পেতে পারেন। গ্রামাঞ্চলের মানুষদের সমস্যা মেটাতেই এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। বলে রাখি, কিছুদিন আগেই গঙ্গাসাগর মেলাতেও বর্ধমান থেকে গিয়েছিল এই ভ্রাম্যমান ভ্যান।