বাজেটে সপ্তম পে কমিশন ঘোষণা, কবে থেকে কার্যকর? কী কী মিলবে সুবিধা?

West Bengal Government Announces 7th Pay Commission

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার সরকারি কর্মীরা যে হারে মহার্ঘ ভাতা বা DA পান, তার সাথে কেন্দ্রীয় সরকারের DA হারের অনেকটাই ফারাক রয়েছে। এমনকি ভারতের একাধিক রাজ্যে 50 থেকে 58 শতাংশ পর্যন্ত হারে DA দেওয়া হয়ে থাকে। ফলে স্বাভাবিকভাবেই এতদিন কেন্দ্রীয় হারে DA দেওয়ার দাবি জানিয়ে এসেছিলেন সরকারি কর্মীরা। তবে সেই দাবি পূরণ না হলেও বৃহস্পতিবারের অন্তর্বর্তী রাজ্য বাজেটে বাংলার সরকারি কর্মচারীদের 4 শতাংশ হারে DA বাড়িয়েছে মমতা সরকার। সেই সাথে বাংলায় সপ্তম পে কমিশন (7th Pay Commission) চালু করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কবে থেকে বাংলায় চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন?

সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে শেষ পর্যন্ত বাজেটে বাংলায় সপ্তম বেতন কমিশন চালু করার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা। বৃহস্পতিবার, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সপ্তদশ বিধানসভার শেষ বাজেটে তিনি জানালেন, অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন গঠন করা হল। চন্দ্রিমার কথায়, “আমাদের সরকার সব সময় রাজ্যের সরকারি কর্মীদের চাহিদার বিষয়ে সংবেদনশীল। তাঁরা সরকারের প্রতিটি নীতি এবং প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের কার্যকাল শেষ হয়ে গিয়েছে গত 31 ডিসেম্বরেই। তাই আমরা আনন্দের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করছি।”

আরও পড়ুনঃ সত্যিই কি রেশন কার্ডে এবার সামগ্রীর বদলে মিলবে টাকা? জানুন সরকারের প্ল্যান

রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য, বাংলার সরকারি কর্মীদের কথা মাথায় রেখে সপ্তম পে কমিশন গঠন করা হচ্ছে.. কমিশন রাজ্যের সকল সরকারি কর্মীদের আগামী দিনের বেতন বৃদ্ধি থেকে শুরু করে ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয় পর্যালোচনা করার পর তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে। তবে ঠিক কবে নাগাদ পশ্চিমবঙ্গের নতুন সপ্তম বেতন কমিশন কার্যকর হবে বা চালু হবে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তারিখ জানানো হয়নি। এমনকি নতুন পে কমিশনে বাংলায় কী কী নয়া সুবিধা মিলবে, তাও জানানো হয়নি।

অবশ্যই পড়ুন: পেনশনভোগীদের নিয়ে বাজেটে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

উল্লেখ্য, বিগত দিন গুলিতে বারবার বকেয়া DA মেটানোর দাবিতে সরব হয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। এ নিয়ে বর্তমানে মামলা চলছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেই শীর্ষ আদালতের তরফেই রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলার সরকারি কর্মীদের 100 শতাংশ বকেয়াই মেটাতে হবে। এর 25 শতাংশ এখনই দিতে হবে রাজ্যকে। বাকি 75 শতাংশের প্রথম কিস্তি দিতে হবে আগামী 31 মার্চের মধ্যেই। সুপ্রিম কোর্টের এমন নির্দেশের পরই আজ অন্তর্বর্তী বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের 4 শতাংশ হারে DA বৃদ্ধির প্রস্তাব দিয়েছে মমতা সরকার।

Leave a Comment