বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) দম্পতিদের জন্য থাকতে পারে সুখবর। জানা যাচ্ছে, নতুন বছরে শুরু হতে যাওয়া কেন্দ্রীয় বাজেটে যৌথকর নিয়ে বড় ঘোষণা দিতে পারে কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী, বহুদিন ধরেই যৌথকর বা জয়েন্ট ট্যাক্সেশন ব্যবস্থা চালু করার কথা ভাবছে সরকার। শোনা যাচ্ছে এবার সেই ভাবনাতেই সিলমোহর দিতে পারে কেন্দ্র। নতুন আর্থিক বছরে ঐচ্ছিক যৌথকর ব্যবস্থা চালু হয়ে যেতে পারে। আর সেটা হলে, স্বামী এবং স্ত্রী দুজন একসাথে আয়কর জমা দেওয়ার সুযোগ পাবেন। তাতে আখেরে সুবিধাই হবে তাঁদের।
ঐচ্ছিক যৌথকর ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
একাধিক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার যদি নতুন আর্থিক বছর অর্থাৎ 2026-27 অর্থবর্ষে যৌথকর ব্যবস্থা চালু করে দেয়। সেক্ষেত্রে একজন নারী এবং একজন পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনে বার্ষিক আয় একত্রিত করে আয়কর দাখিল করতে পারবেন। এতে সুবিধা হলেও গোটা বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। সরকার যৌথকর ব্যবস্থা একেবারেই বাধ্যতামূলক করবে না।
এখানে বলে রাখা প্রয়োজন, যৌথকর ব্যবস্থা চালু হলে স্বামী এবং স্ত্রী বর্তমানে যেখানে আলাদা আলাদা আয়কর রিটার্ন দাখিল করেন সেখানে একসাথে আয়কর দাখিল করার জন্য দুজনেরই আলাদা আলাদা PAN কার্ড থাকা বাধ্যতামূলক। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর থাকলেই একত্রিতভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন স্বামী-স্ত্রীরা। কাজেই যাঁদের এখনও পর্যন্ত প্যান কার্ড নেই তারা দ্রুত সেটি করিয়ে নিন।
অবশ্যই পড়ুন: বিশ্বের সবচেয়ে বয়স্ক অধিনায়কের রেকর্ড তাঁর নামেই, প্রয়াত মহান ক্রিকেট তারকা নরম্যান
জানা যাচ্ছে, সম্ভাব্য যৌথকর কাঠামোতে স্বামী এবং স্ত্রী দুজনের আয়ের উপর একসাথে কর বসানো হলেও খুব সম্ভবত দুজনের আয়ের ক্ষেত্রে দুটি পৃথক কর কাঠামো তৈরি করা হতে পারে। সবটাই জানা যাবে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের পরই। এখানে বলে রাখা প্রয়োজন, যৌথকর ব্যবস্থায় স্বামী এবং স্ত্রী উভয় সর্বোচ্চ আয়ের সীমা 75 লাখ টাকা পর্যন্ত রাখা হতে পারে। শোনা যাচ্ছে, যৌথকর ব্যবস্থা ছাড়াও চলতি বছরের বাজেটে সারচার্জের ক্ষেত্রেও পরিবর্তন আসবে।