বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স অল্প। উড়তি বয়সে বিরাট কোহলি, রোহিত শর্মাদের দলে সুযোগ পাওয়ায় তাঁকে পেতে হয়েছে প্রিয়পাত্র তকমা। “প্রধান কোচ গৌতম গম্ভীরের পছন্দের লোক বলেই সহজে সুযোগ পেয়ে যাচ্ছে ও..” এমন সব সমালোচনা এখন তাঁর কাছে জলভাত। দলের হয়ে নিজের সেরাটা দিয়েও সমালোচনা শুনতে হয় ভারতীয় বোলার হর্ষিত রানাকে। এবার সেই প্লেয়ারই নিজের অতীত ঘাঁটলেন (Harshit Rana Untold Story)। জানালেন নিজের জীবনের কঠিন অধ্যায় সম্পর্কে। স্মরণ করালেন রোহিত, কোহলির তরফে পাওয়া সাহায্যের কথাও।
জীবনের অজানা অধ্যায় প্রকাশ্যে আনলেন রানা
গত বছর ভারতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই সাদা বলের ক্রিকেটে তিনি নিয়মিত। মাত্র 24 বছর বয়সেই চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে খেলে ফেলেছেন রানা। এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছেন তিনি। সেই মতোই, নিউজিল্যান্ড সিরিজে নিজেকে পুরোপুরি উজাড় করে দিচ্ছেন তিনি। এবার সেই খেলোয়াড়ই এক সাক্ষাৎকারে জানালেন, “আমি জানি কীভাবে ব্যর্থতাকে সামলাতে হয়। 10 বছর এমন ভাবেও কাটিয়েছি যখন কিছুই করতে পারছিলাম না। বারবার ট্রায়াল দেওয়া সত্ত্বেও সুযোগ পেতাম না। বাড়ি ফিরে রোজ বাবার কাছে গিয়ে কাঁদতাম।”
ভারতীয় ক্রিকেটার আরও বলেন, “বর্তমানে সেই সব ব্যর্থতা আর নেই। অসফলতা কাটিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছি। যখন আবার আসবে ঠিক সামলে নেব। আমি কোনও দিনই হাল ছাড়িনি। বাবা রোজ আমাকে ঠিক রাখার চেষ্টা করতেন।” এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবদানের কথা স্বীকার করে নেন ভারতীয় বোলার। রানার বক্তব্য, নেটে রোহিত এবং বিরাটকে বল করার জন্যই আজ ম্যাচে তিনি সেরাটা দিতে পারছেন। তাঁর কথায়, “বিরাট এবং রোহিতকে নেটে বল করাটা একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে। ওরা রোজ আমাকে কিছু নতুন করে উদ্বুদ্ধ করত। ওদের কাছ থেকে অনেক শিখেছি। আজ আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন-প্রতিমুহূর্তে।”
অবশ্যই পড়ুন: শেষ ওয়ানডেতে টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েই দম দেখালেন অর্শদীপ
উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2025 সালের 6 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল রানার। যদিও এর আগে 2024 এর ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো পা রেখেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তবে এই মুহূর্তে সাদা দলের ক্রিকেটেই দেখা যায় তাঁকে। বলে দিই, রবিবারের আগে পর্যন্ত 13টি ম্যাচে অংশ নিয়ে 23টি উইকেট তুলেছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজেও নিজের জাত চেনাচ্ছেন রানা।