প্রীতি পোদ্দার, কলকাতা: সমাজ যত উন্নত হচ্ছে ঠিক ততই বায়ু দূষণের (Air Pollution) হার দিন দিন বেড়েই চলেছে। আর এই নিয়ে আলোচনা হলেই প্রথমে নাম উঠে আসে দিল্লির নাম। কিন্তু, সেই দিল্লিকেও ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। বিশ্বের ১০ নম্বরের তালিকায় উঠে এল নদিয়ার (Nadia) এই মফস্বল। শুধু তাই নয়, ব্যারাকপুর (Barrackpore) সহ বাংলার ৯ টি শহরও রয়েছে এই দূষণের তালিকায়। আর সেই নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে প্রশাসন। করা হচ্ছে তদন্ত।
ভয়ংকর অবস্থা নদীয়ার এই গ্রামে
‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২৫’- এর রিপোর্ট অনুযায়ী, নদিয়ার রানাঘাটের কাছে অবস্থিত উলা বা বীরনগরকে ২০২৫ সালের বিশ্বের দশম সর্বাধিক বায়ু-দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, সেখানকার বাতাসে PM ২.৫-এর গড় মাত্রা নাকি প্রতি ঘনমিটারে ৮৬.৮ মাইক্রোগ্রাম, যা খুবই ক্ষতিকারক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় বীরনগরের এই দূষণের মাত্র প্রায় ১৭ গুণ বেশি। একটি মানুষের চুলের চেয়েও এগুলো প্রায় ৩০ গুণ বেশি পাতলা। মূলত গাড়ির ধোঁয়া, কলকারখানা এবং নির্মাণকাজ থেকে এই কণাগুলো তৈরি হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই সূক্ষ্ম দূষণকণাগুলি ফুসফুসে প্রবেশ করে গুরুতর শ্বাসকষ্ট ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
তালিকায় রয়েছে মধ্যমগ্রাম, ব্যারাকপুর
WHO জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই ভয়ংকর বায়ুদূষণের সংস্পর্শে থাকলে সেখানকার বাসিন্দাদের হাঁপানি, হৃদরোগ এবং এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। তবে শুধু উলা বা বীরনগর নয়, দূষণের তালিকায় মধ্যমগ্রাম, ব্যারাকপুর, বারুইপুর, হাওড়া, বালি, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া ও শিলিগুড়িও রয়েছে। এই ব্যাপারে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন, তদন্ত না করলে বায়ুদূষণের সঠিক কারণ বলা কঠিন। অনুমান করা হচ্ছে কৃষিকাজের ফলে সৃষ্ট ধূলিকণা বা স্থানীয় ছোট শিল্প এই দূষণের উৎসস্থল হতে পারে। অন্যদিকে কলকাতার বায়ুর গুণমান কিছুটা উন্নত হলেও এখনও তা বেশ উদ্বেগজনক। সেখানকার PM ২.৫-এর বার্ষিক গড় মাত্রা ৫১ মাইক্রোগ্রাম।
আরও পড়ুন: লেহতে একটি মুরগির ডিম বিক্রি হল ২৫,০০০ টাকায়, অর্থ যাবে ইরানের দুর্গতদের সাহায্যে
জানা গিয়েছে, দূষিত শহরের তালিকায় প্রথম ১০ টি দূষিত শহরের মধ্যে পাঁচটিই ভারতে অবস্থিত। প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশের লোনি, তৃতীয় স্থানে রয়েছে মেঘালয়ের বাইরনিহাট। চতুর্থ ও সপ্তম স্থানে যথাক্রমে রয়েছে দিল্লি ও গাজিয়াবাদ। বছরে বেশিরভাগ সময়ই লোনিতে কলকারখানা, ইটের ভাটা এবং ভারী যানবাহনের ধোঁয়ায় ডুবে থাকে। তার ওপর শীতকালে দূষণকে মাটির কাছাকাছি আটকে রাখে। দেশের নিরিখে সবচেয়ে দূষিত দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তান, দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভারত।