সহেলি মিত্র, কলকাতাঃ সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। তার আগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন, বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য SIR-কে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল কেন্দ্রীয় সরকার।
মাধ্যমিক পরীক্ষার আগে বিস্ফোরক দাবি শিক্ষামন্ত্রীর
শনিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কিছু মন্তব্য করেছে ব্রাত্য। শিক্ষা মন্ত্রীর দাবি, ভোটার তালিকা পরিমার্জনের অছিলায় এই রাজ্যের ছাত্রছাত্রীদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র সরকার। তাঁর অভিযোগ, এই ভোটার তালিকা পরিমার্জন পদ্ধতি বা SIR আদপে এক গভীর ষড়যন্ত্র। “মাধ্যমিক পরীক্ষা যাতে বানচাল করা যায়, সে জন্য নানারকম চেষ্টা চালানো হয়েছিল কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের তরফে। কিন্তু আমরা আত্মপ্রত্যয়ী। আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। রাজ্যের পরীক্ষার্থীদের আশ্বস্ত করছি, কোনও চিন্তা নেই”, বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬?
“কেন্দ্রীয় সরকার চাইছে না বাঙালি ছেলেমেয়েরা পরীক্ষায় ভাল ফল করুক। বিজেপি চায় বাঙালি পড়ুুয়াদের কেরিয়ার ধ্বংস হোক। কিন্তু কোনও ভয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা আছি।” সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষায় বসতে চলেছেন ৯ লক্ষেরেও বেশি সংখ্যক পড়ুয়া। তার আগে কেন হঠাৎ ষড়যন্ত্রের কথা বললেন শিক্ষামন্ত্রী?
31.01.2026 | Press Conference by Shri Partha Bhowmick and Shri Bratya Basu pic.twitter.com/yF3Vzt90OB
— All India Trinamool Congress (@AITCofficial) January 31, 2026
এর আগেও অবশ্য SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্রাত্য বসু। কারণ, শিক্ষক-শিক্ষিকাদের বিএলও হিসাবে নিযুক্ত করেছিল কমিশন। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি SIR এর কাজে যোগ দিয়েছিলেন স্কুল পরিদর্শকরাও। ফলে প্রশ্ন উঠেছিল, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কীভাবে?
আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে দিল্লি, বারাণসী হাইস্পিড রেল করিডর! বাজেটে বাংলার জন্য একাধিক ঘোষণা
সূত্র মারফত কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ভোটার তালিকা পরিমার্জন করার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে শিক্ষক শিক্ষিকা এবং পরিদর্শকরা মাধ্যমিক পরীক্ষার সময় উপস্থিত থাকতে পারবেন। স্কুল পরিদর্শকদের নিয়ে রাজ্যের সিইও দফতরের সাফ কথা, জেলাশাসকরা চাইলেই এইআরও পরিবর্তন করতে পারেন, গোটা সিদ্ধান্ত তাঁদের ব্যক্তিগত।