সৌভিক মুখার্জী, কলকাতা: চারধাম যাত্রার ক্ষেত্রে এবার বিরাট বদল আনল উত্তরাখণ্ড সরকার (Government of Uttarakhand)। কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী এই চার পবিত্র ধামে মন্দির চত্বরে মোবাইল ফোন বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ফলত এবছর চারধাম যাত্রায় আর রিল, ব্লগ বা ভিডিও তৈরি করার সুযোগ পাবে না তীর্থযাত্রীরা। সরকার দাবি করছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল পবিত্র স্থানগুলির ধর্মীয় মর্যাদা রক্ষা করা এবং দর্শনার্থীরা যাতে সম্পূর্ণ ভক্তি আর মনোযোগ সঙ্গে দর্শন করতে পারে তার ব্যবস্থা করা।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?
আসলে গত কয়েক বছর ধরে চার ধামের বিভিন্ন মন্দিরে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও, রিল বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করে একাধিক বিতর্ক বা অশান্তি দানা বাঁধছিল। প্রশাসন মনে করছে, মন্দিরের ভিতরে ভিডিও বানানো নিয়ে বহুবার ঝামেলা হয়েছে। এমনকি ধর্মীয় পরিবেশে এর কারণে শালীনতা নষ্ট হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে অযথা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির জন্যই রাজ্যের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে গড়ওয়াল কমিশনার বিনয় শংকর পান্ডে জানিয়েছেন, বদ্রিনাথ সিংহদ্বার এলাকা পেরোলেই মোবাইল বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমনকি কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির চত্বরে কোনওভাবে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। তিনি স্পষ্ট বলেছেন, মোবাইল ব্যবহার থেকে তৈরি হওয়া বিতর্ক এবং অপ্রীতিকর পরিস্থিতি বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস চলার দিনক্ষণ, সময়সূচি, স্টপেজ জানাল পূর্ব রেল
তবে হ্যাঁ, দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে প্রশাসন জানিয়েছে, বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন মন্দিরে প্রবেশের আগেই নিরাপদে মোবাইল জমা রাখার ব্যবস্থা করবে, যাতে দর্শনের সময় ভক্তরা কোনও সমস্যায় না পড়ে। শনিবার চারধাম যাত্রার প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যয়ের বৈঠক হয়। আর বৈঠকে উপস্থিত ছিলেন গড়ওয়াল কমিশনার বিনয় শংকর পান্ডে, শংকর আইজি রাজিব স্বরূপ, বিভিন্ন জেলার জেলা শাসক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।