বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাধারণত কোনও স্থানে আগুন লাগলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। উন্নত অগ্নিনির্বাপন ব্যবস্থার সাহায্য নিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন দমকল কর্মীরা (Pakistan Viral Video)। তবে এই চিত্র ভারত সহ অন্যান্য উন্নত দেশে দেখা গেলেও পাকিস্তানের ধরা পড়ল একেবারে ভিন্ন চিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের জনপ্রিয় শহর করাচির কোনও এক বহুতলে আগুন লাগলে বালতি দিয়ে সেই আগুন নেভানোর কাজ করছেন পাকিস্তানি দমকল কর্মীরা। নিজের দেশের দমকল কর্মীদের এমন কর্মকাণ্ড দেখে হতবাক পাকিস্তানের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই পড়েছে হাসির রোল।
ভাইরাল ভিডিও দেখে হাসছেন পাকিস্তানিরাই
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে পাকিস্তানের করাচি শহরের একটি বিল্ডিং। জ্বলন্ত সেই অগ্নিশিখাকে নিয়ন্ত্রণে আনতে মাথায় হেলমেট সহ যাবতীয় পোশাক পরে ময়দানে নেমেছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে একটি ইঞ্জিনও। তবে পাইপ দিয়ে নয় বরং ইঞ্জিন থেকে জল তুলে বালতিতে করে আগুন নেভানোর কাজ করছেন পাকিস্তানের দমকল কর্মীরা। নিজের দেশের দমকল কর্মীদের এমন কর্মকাণ্ড দেখে ভিডিও না করে থাকতে পারেননি স্থানীয় বাসিন্দারা। সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে ক্যামেরা বন্দি হওয়া বিরল দৃশ্য।
পাকিস্তানি দমকল কর্মীদের কাজ দেখে ভিডিও গ্রাহককে বলতে শোনা যায়, “করাচির বাসিন্দারা কিছুই শেখেনি। বালতি দিয়ে জল ঢালছে। চেক করুন…. এটাই আমাদের পাকিস্তান। মাশাআল্লাহ। সিএম সাহেব আপনি চেক করুন… চেক করে নিন। মাশাআল্লাহ দারুন প্রস্তুতি আপনাদের…. এমনিতেই এক ঘন্টা দেরি করে এসেছেন তার উপর বালতি দিয়ে জল ঢালছেন…. এখনও পর্যন্ত আগুন নিভল না।…” ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখার পর একেবারে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেট নাগরিকরা। সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্সে বহু পাকিস্তানিই ঠাট্টার ছলে একাধিক মন্তব্য করেছেন। কেউ কেউ তো, পাকিস্তানকে ভিখারির দেশ হিসেবেও উল্লেখ করেছেন ভিডিওটির কমেন্ট বক্সে।
অবশ্যই পড়ুন: CAA-তে আবেদন করে ৫ মাসেই ভারতীয় নাগরিকত্ব পেলেন বাংলাদেশী হিন্দু
যদিও নেট দুনিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা। একই সাথে, ঘটনাটি ঠিক কোথাকার তাও ওই ভিডিওতে বিশেষ ভাবে উল্লেখ নেই। তবে নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, “পাকিস্তান ছাড়া এমন দৃশ্য অন্য কোনও দেশে দেখতে পাওয়া যাবে না।” এদিকে পাকিস্তানিদের অনেকেই স্বীকার করে নিয়েছেন এটা পাকিস্তানেরই ঘটনা। সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে আরও একবার হাসির খোরাক হল পশ্চিমের দেশ।