বিকেলের পরেই এই জেলাগুলোর তুমুল দুর্যোগ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাস একেবারে শেষের পথে, এদিকে বৃষ্টি দুর্যোগ এখনও অব্যহত। গতকাল হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। এদিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরম বেশ বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে চলতি সপ্তাহান্তে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা বেশ বাড়তে পারে। এদিকে আজও দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি জেলাগুলোয় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। শুধু তাই নয়, আগামীকাল (Weather Tomorrow) থেকে নাকি বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ।

সপ্তাহের শুরুতেই রাজ্যে আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, আর সেটাই বাস্তবের রূপ নিল।আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কোন কোন জায়গায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে শিলাবৃষ্টিও থাকতে পারে। তবে বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হবে, বাড়বে অস্বস্তিও। এমনকি সপ্তাহান্তেই নাকি তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রির ঘরে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে আজও, বিকেলের দিকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি আগামীকাল দুর্যোগের হলুদ সতর্কতার আওতায় ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নামার সম্ভাবনা রয়েছে। প্রায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে উষ্ণতা। তবে বৃষ্টি কমলে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

আরও পড়ুন: শ্বাসনালীর মধ্যে বালি, ফুসফুস ফুলে ঢোল! রাহুলের ময়নাতদন্তে ভয়ঙ্কর রিপোর্ট

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এমনকি কোচবিহার জেলায় শিলাবৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বাড়বে। বইবে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আর ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এই সময়ে বাইরে কম বেড়ানোর পরামর্শ দিয়েছে।

Leave a Comment