প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিলের শুরু থেকেই রাজ্য জুড়ে গরমের অস্বস্তি প্রবল আকার ধারণ করেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এই অবস্থায় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গতকাল থেকেই কলকাতায় দিনভর মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমল অনেকটাই। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল (Weather Tomorrow) থেকে নাকি দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড় বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গেও (North Bengal) রয়েছে বৃষ্টির দাপট।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় হয়ে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। তার জেরেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিকেলের দিকে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড় বৃষ্টি হওয়ার পাশাপাশি কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে। তবে ঝড়বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ও বুধবার। ফলস্বরূপ গরমের হাত থেকে আপাতত নিস্তার পেল রাজ্যবাসী। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা দিলেও বেলায় খানিক রোদের আভা দেখা যাবে। তবে রোডের তেজ বেশি থাকবে না। বিকেলের দিকে মেঘলা পরিবেশ তৈরি হবে বেশিরভাগ জেলায়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়। এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার থেকে আবার ঝড় বৃষ্টির জেরে সমুদ্রেও সতর্কতা জারি করা হয়েছে। আসলে দুর্যোগের কারণে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার ফলে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকবে। অন্যদিকে আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমবে বলে আশা করছে হাওয়া অফিস। তারপরে আবার পারদ চড়তে পারে।
আরও পড়ুন: মোথাবাড়ি হিংসা মামলায় তৎপরতা, আজই সুপ্রিম কোর্টে জমা NIA-র ২৫ পাতার রিপোর্ট
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার বইবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হতে পারে শিলাবৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝড়বৃষ্টির কারণে উত্তরবঙ্গেও তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে আশা রাখছে হাওয়া অফিস। তার পর ধীরে ধীরে ফের পারদ চড়বে।