বিমান দুর্ঘটনা, গড়িয়ায় মহিলাকে খুন…! আজকের সেরা ১০ খবর (২৪ মার্চ)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ মার্চ, মঙ্গলবার। বিমান দুর্ঘটনা, গড়িয়ায় মহিলাকে খুন, রেলের টিকিট বাতিলের নিয়ম বদল, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তপসিলি জাতি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

তপসিলি জাতির সামাজিক মর্যাদা এবং সংরক্ষণের অধিকার নিয়ে এবার বিরাট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও ব্যক্তি যদি হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে কিংবা অন্য কোনও ধর্ম গ্রহণ করে, তাহলে তিনি আর তপসিলি জাতির সুবিধা পাবেন না। অন্ধ্রপ্রদেশের একটি মামলার প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। সেখানে জানানো হয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তি নিজেকে তপসিলি জাতিভুক্ত দাবি করে এসসি/ এসটি অ্যাক্টের আওতায় মামলা করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়েছে, খ্রিস্টধর্মে কোনও তপসিলি জাতি নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ভারতীয় রেলের টিকিট বাতিলের নিয়মে বদল

ভারতীয় রেলের টিকিট বাতিলের নিয়মে বিরাট বদল। এবার দালাল চক্র রোধ করতে বিরাট পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেলমন্ত্রীর মতে, নতুন রিফান্ড পলিসি অনুযায়ী এখন থেকে কত আগে টিকিট বাতিল করা হচ্ছে তার উপর ভিত্তি করেই টাকা ফেরত দেওয়া হবে। ট্রেন ছাড়ার ৭২ ঘন্টা আগে টিকিট বাতিল করলে ৭৫ শতাংশ টাকা ফেরত পাওয়া যাবে। কিন্তু ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করলে ২৫ শতাংশ এবং ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ ভাড়া কেটে নেওয়া হবে। আর উল্লেখ করার বিষয়, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময় আগে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত দেওয়া হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) গড়িয়ায় পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে আত্মঘাতী যুবক

ভোটের আগে দক্ষিণ কলকাতার গড়িয়ার তেতুলতলা এলাকায় একটি বিউটি পার্লারের ভিতরে ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন এক যুবক। মৃত শিল্পী রুপবানী দাস দীর্ঘ ১৫ বছর ধরেই ওই পার্লারে কাজ করতেন। মঙ্গলবার দুপুরবেলা এক অজ্ঞাত পরিচয়ের যুবক পার্লারে ঢুকে তাঁর সঙ্গে ঝামেলায় জড়ান এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। অন্যদিকে পার্লারের ভেতর থেকে ওই হামলাকারী যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বিপুল গ্যাস নিয়ে হরমুজ পেরোল ভারতের দুই জাহাজ

পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝে ৯২ হাজার ৬০০ টন এলপিজি নিয়ে পাইন এবং জগ বসন্ত নামের দুটি ভারতীয় জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করল। ইরানের জাতীয় সুরক্ষা কমিটির সদস্য জাহাজ চলাচলে ২ মিলিয়ন ডলার দাবি করলেও ইরান সরকার এবং দূতাবাস দাবি অস্বীকার করে দিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারত নিরাপদ করিডর ব্যবহারে অনুমতি পেয়েছে। যার ফলে কোনও রকম বাড়তি অর্থ ছাড়াই জাহাজ দুটি আগামী চার দিনের মধ্যে দেশে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) LPG পেতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার

চলমান এলপিজি সংকট মোকাবিলা করার জন্য বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে এবার নতুন নির্দেশিকা জারি করা হল। এখন থেকে হোটেল, রেস্তোরাঁ বা শিল্প ক্যান্টিনের মতো বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস বিপণন সংস্থাগুলির কাছে অবশ্যই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সরকার রাজ্যগুলোর জন্য বাণিজ্যিক গ্যাসের বরাদ্দ আরও ২০ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ নিশ্চিত করে দিয়েছে। পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তল জানিয়ে দিয়েছেন, এই অতিরিক্ত সরবরাহ সোমবার থেকে কার্যকর হয়েছে। কিন্তু আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) কলকাতার ৫ রুটে বাড়ল অটো ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি সংকটের প্রভাব এবার সরাসরি কলকাতার রাজপথে। অটো গ্যাসের দাম এক ধাক্কায় ৭০ টাকা হয়ে যাওয়ার কারণে পাঁচটি গুরুত্বপূর্ণ রুটে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বিধাননগর স্টেশন থেকে সেক্টর ফাইভ, ফুলবাগান থেকে গিরীশ পার্ক, মানিকতলা থেকে ফুলবাগান, বিধাননগর স্টেশন থেকে ১২ নম্বর ট্যাঙ্ক, ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে ফুলবাগানসহ একাধিক রুটে ভাড়া বাড়ানো হয়েছে। আর প্রত্যেকটি রুটে সর্বোচ্চ ৫ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। ফলে যাত্রীদের পকেটে আরও চাপ বাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) মোদী ও রেখা গুপ্তাকে প্রাণে মারার হুমকি, ছড়াল ইমেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে লক্ষ্য করে আসা প্রাণনাশের ইমেইলে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়িয়েছে। বিধানসভার বাজেট অধিবেশনের আগের স্পিকার বিজেন্দ্র গুপ্তের ইমেলে ওই বার্তা পাঠানো হয়েছে। আর এতে বিধানসভা ভবন এবং মেট্রো স্টেশনে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে খলিস্তানি ন্যাশনাল আর্মির নাম উল্লেখ করা হয় ওই ইমেইলে। তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজন হাইপ্রোফাইল নেতার নাম ছিল। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদল করল কমিশন

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে বিরাট রদবদল ঘটিয়ে একধাক্কায় ৭৩ জন রিটারনিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাতে জারি করা এক নির্দেশিকা অনুযায়ী, অপসারিত আধিকারিকদের অধিকাংশ মহকুমা শাসক মর্যাদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের আরও কেও পরিবর্তন করে সেখানে সুরজিৎ রায়কে দায়িত্ব দেওয়া হল। সবথেকে বেশি পরিবর্তন করা হয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মূলত স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) মধ্যরাতে SIR সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ

পশ্চিমবঙ্গে প্রথম এসআইআর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা সোমবার গভীর রাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি বাদ পড়া ৬৩ লক্ষ নামের মধ্যে এবার ২৯ লক্ষের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। আর এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা জানার জন্য কমিশনের পোর্টালে গিয়ে ২০২৬ সালের ‘SIR Supplementary Roll’ থেকে জেলা ভিত্তিক পিডিএফ ডাউনলোড করতে হবে। যাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, তারা ১৯ জন প্রাক্তন বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালে গিয়ে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) সেনা বোঝাই হারকিউলিস বিমান ভেঙে ৬৬ জনের মৃত্যু

কলম্বিয়ার আমাজন অববাহিকায় সোমবার এক ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৬৬ জন সেনা সদস্য নিহত এবং ৫৮ জন আহত হয়েছে বলে খবর। বিমান বাহিনীর বিমানটি ১২৮ জন আরোহী নিয়ে পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক টুটির কবলে পড়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি একটি গাছে ধাক্কা মারে এবং আরোহী সেনাদের গোলা, বারুদ বিস্ফোরিত হয়ে ওই অগ্নিকাণ্ড ঘটে। এটি ২০২৬ সালের মধ্যে সবথেকে বড় বিমান ঘটনা বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, কোনও জঙ্গি হামলার প্রমাণ মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment