প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে (West Bengal Election 2026) ভোট প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। চতুর্থবার সরকার গঠনের জন্য উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় ভোটের প্রচার করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে মহা সমস্যায় পড়েছেন রাজনীতিবিদরা। বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে আকাশপথে কলকাতা ফেরার সময় বিপাকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজও চলবে দুর্যোগ। সেই কারণে বাতিল হল মুখ্যমন্ত্রীর বিমান সফর। এবার সড়ক পথে অন্ডাল (Andal) যাবেন তিনি।
আকাশপথে মমতার বিমান বিভ্রাট
বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে অন্ডাল থেকে দুপুর ৩টে ৩৯ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কিন্তু ঝড়বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের সময় বেশ সমস্যার সৃষ্টি হয়েছিল। ঝড়বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে বিমানটি আকাশে চক্কর কাটছিল। যার ফলে মাঝ-আকাশে আটকে ছিলেন মুখ্যমন্ত্রী। শেষে বিকেল ৫টা ১৯ মিনিটে বিমানটি নির্বিঘ্নে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল। এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার বিমানে করে অন্ডালে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে, আজও ঝড় বৃষ্টি হতে পারে। তাই এবার বিমান ছেড়ে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা।
সড়কপথে অন্ডাল যাবেন মমতা
নবান্নের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ডাল সফর ঘিরে দুটি বিকল্প পরিকল্পনা সড়কপথ ও বিমানপথ রাখা হয়েছে। জানা গিয়েছে, আজকের নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে তিনি সড়কপথে রওনা দেবেন, সে ক্ষেত্রে বিকেল দুইটা থেকে আড়াইটার মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে। তবে যদি কাজ শেষ হতে দেরি হয় এবং তিনি সাড়ে তিনটে নাগাদ বেরোন, তাহলে বিমানপথেই অন্ডালে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সড়কপথে গেলে মুখ্যমন্ত্রী দুর্গাপুরের উদ্দেশে রওনা দিতে পারেন। সেখানে রাত্রিবাস করার পর শনিবার রানিগঞ্জের সভাস্থলে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
আজও বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া
গতকাল, প্রতিকূল আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর বিমান দীর্ঘ ক্ষণ অবতরণের অনুমতি না-পাওয়ায় জ্বালানি নিয়ে এক উদ্বেগ তৈরি হয়েছিল। তাই কলকাতা বিমানবন্দরে নামতে না-পেরে মুখ্যমন্ত্রীর বিমান বেহালার দিকে ঘুরে গিয়েছিল। এই দেড় ঘণ্টায় কখনও মুখ্যমন্ত্রীর বিমানের উচ্চতা কমেছে, কখনও বেড়েছে। একাধিক বার দেখা গিয়েছে বিমানটি দক্ষিণের দিকে সরে যাচ্ছে। আবার কিছু ক্ষণ পরে তা দমদমের দিকে ফিরে এসেছে। দীর্ঘ ক্ষণ উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই আজ সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই নানা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন দেখার শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কোন উপায়ে অন্ডালে যান।
আরও পড়ুন: বিকেল থেকে দক্ষিণবঙ্গের ৫ জেলায় আবহাওয়ার তাণ্ডব! ধেয়ে আসছে কালবৈশাখী, শিলাবৃষ্টি
উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেলে রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। প্রবল ঝড়ের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে শিলাবৃষ্টি। কলকাতাতেও বিকেলের দিকে বদলে যেতে পারে আবহাওয়া। তাই হাওয়া অফিসের পরামর্শ, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরনোই ভালো। আর যদি বেরোতেই হয় তাহলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা।