বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁকে নিয়ে কৌতূহলের অন্ত নেই দেশবাসীর। বৈভবের ম্যাচ আছে শুনলেই টিভির সামনে বসে পড়েন ক্রিকেটপ্রেমীরা। 14 বছরের সেই কিশোরই চলতি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির বড় রেকর্ড ভেঙে দিয়েছেন। তবে কোহলির রেকর্ড ভেঙেই থেমে থাকবেন না সূর্যবংশী। আগামী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব 19 দল। সেখানেই বৈভবের হাতে সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার অধিনায়ক-সুপারস্টার ক্রিকেটারের রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার।
বিরাটের রেকর্ড ভেঙেছেন বৈভব
বাংলাদেশের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের গত ম্যাচে ব্যাট হাতে একেবারে ঝড় তুলেছিলেন বৈভব। এদিন অধিনায়ক আয়ুষ মাত্রে ব্যর্থ হলেও জলবা দেখিয়েছিলেন 14 বছরের সূর্যবংশী। তবে ম্যাচ শুরু হতেই প্রথম 5 রান করার সাথে সাথে বিরাট কোহলির এক বড় রেকর্ড ভেঙে দেন তিনি। বলাই বাহুল্য, বিরাট কোহলি তাঁর অনূর্ধ্ব 19 ওয়ানডে কেরিয়ারে মোট 25টি ইনিংসে অংশ নিয়ে 978 রান করেছিলেন। অন্যদিকে সেই রান টপকাতে বৈভবের প্রয়োজন ছিল মাত্র 4 রানের। এ দিনের ম্যাচে তার থেকেও অনেক বেশি রান তুলেই কোহলির রেকর্ড গুঁড়িয়ে দেন তিনি। এই মুহূর্তে অনূর্ধ্ব 19 ওয়ানডেতে বৈভবের রান 1047।
টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের রেকর্ড ভাঙার অপেক্ষায় বৈভব
বিরাট কোহলির পর এবার ভারতীয় ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলের রেকর্ড ভাঙার পথে বৈভব সূর্যবংশী। বলে রাখি, গিল তাঁর অনূর্ধ্ব 19 ওয়ানডে কেরিয়ারে মোট 15 ইনিংস মিলিয়ে 1149 রান করেছিলেন। এদিকে বৈভবের রান বর্তমানে 20 ম্যাচে 1047। অর্থাৎ বৈভব যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে আর মাত্র 103 রান করতে পারেন তবে তিনি ভেঙে ফেলবেন ভারতীয় দলের অধিনায়কের বড় রেকর্ড। তবে এই কাজ করতে হলে বিচক্ষণতার সাথে টিকে খেলতে হবে তাঁকে।
অবশ্যই পড়ুন: “কলকাতাতেই খেলবে বাংলাদেশ!” বলছে স্বয়ং Google
উল্লেখ্য, গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের জার্সিতে সেঞ্চুরি করার পরই একাধিক রেকর্ড তৈরির পাশাপাশি জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন বৈভব সূর্যবংশী। তারপর থেকেই একের পর এক আসরে বিশেষ করে ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে কামাল দেখাচ্ছেন বিহারের ভূমিপুত্র।