বিক্রম ব্যানার্জী, কলকাতা: বল পায়ে মাঠে সময় কাটানোর তুলনায় চোট পেয়ে মাঠের বাইরেই বেশি থাকতে হয় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে (Neymar)। সাম্প্রতিককালেও চোটজনিত সমস্যার কারণে জাতীয় দলে (Brazil) নিয়মিত ছিলেন না তিনি। তবে বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা আছে ব্রাজিলিয়ান তারকার। কিন্তু তা হলেও সেই স্বপ্ন কার্যত শেষ হওয়ার পথে! কেননা, ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পাননি ফুটবলের রাজপুত্র নেইমার। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতিম্যাচ দিয়েই বিশ্বকাপে নামবে ব্রাজিল। ফলে এই দলে না থাকা মানে বিশ্বকাপ থেকে বাদ পড়া। সেটাই কি হতে চলেছে নেইমারের ক্ষেত্রে? ব্রাজিলিয়ান ফুটবলার অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ। বছর 34 এর ফুটবলের আশা, বিশ্বকাপে খেলতে পারবেন তিনি।
সহজে হাল ছাড়ছেন না নেইমার
বহু অপেক্ষিত ফুটবল বিশ্বকাপের আগে আগামী 27 মার্চ ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। এরপর পহেলা এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ রয়েছে এই দলের। কিন্তু সেই দুই ম্যাচের দলে জায়গা পেলেন না নেইমার। এদিকে ওই দুই ম্যাচের জন্য ব্রাজিলের দলে জায়গা পেয়েছেন 19 বছরের এন্ডরিক। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন নেইমারের মতো একজন প্লেয়ারকে বাদ দেওয়া হল?
বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের দলে নেইমারের না থাকা নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির স্পষ্ট দাবি, তিনি নেইমারকে ডাকেননি তার অন্যতম কারণ নেইমার এখনও 100 শতাংশ ফিট নন। দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মতো জায়গায় নেই এই ব্রাজিলিয়ান। মূলত সে কারণেই তাঁর উপর ভরসা রাখতে পারছেন না কোচ। বদলে যাঁরা দলের জন্য নিজেদের নিংড়ে দিতে পারবেন এই মুহূর্তে তাঁরাই খেলবেন প্রীতি ম্যাচগুলিতে।
তাহলে কি বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন নেইমার? এমন প্রশ্নের উত্তরে অবশ্য ব্রাজিলের কোচ জানিয়েছেন, “সে যদি 100 শতাংশ ফিট থাকে এবং দলের জন্য সবটা দিতে পারে তবে অবশ্যই বিশ্বকাপের দলে ডাক পাবে।” তবে কোচ আশা যোগালেও সমস্ত বাধা কাটিয়ে ব্রাজিলের জার্সি গায়ে ফের বিশ্বকাপে নেমে পড়া নেইমারের জন্য যথেষ্ট কঠিন কাজ হবে। এর অন্যতম কারণ, আজ প্রায় আড়াই বছর হতে চলল ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তোলেননি তিনি। মাঝে মাঠে নামলেও ফের চোট গ্রাস করে তাঁকে।
অবশ্যই পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের ‘বাজি’ পবিত্র কর, চিনে নিন নন্দীগ্রামের প্রার্থীকে
তবে এসবের মধ্যে দিয়েও আশা বাঁচিয়ে রাখছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলারের স্পষ্ট বক্তব্য, “আমি যথেষ্ট হতাশ। কিন্তু তাতে লক্ষ্য থেকে সরে আসছি না। যতটা পরিশ্রম করতে হয় করব। নিয়মিত অনুশীলন করে যাব। আমাকে লক্ষ্যে পৌঁছতেই হবে। এখনও চূড়ান্ত পর্যায়ে নির্বাচন বাকি আছে। আমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছি না। বিশ্বকাপে খেলার স্বপ্ন অবশ্যই দেখি। কিন্তু সেটা তো আমার হাতে নেই।”