বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তান। তবে বিশ্বকাপ বয়কট করবে বলে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে তারা। ইতিমধ্যেই পুরনো সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর তারপরেই বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালো বাংলাদেশ (Bangladesh On Pakistan)। পাক সরকার তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন পদক্ষেপে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
ভারতের সাথে না খেলার সিদ্ধান্তে পাকিস্তানকে সাধুবাদ দিলেন নজরুল
বুধবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একেবারে খোলাখুলি জানান, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা বড় পদক্ষেপ নিয়েছি। পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না। আমরা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তান সব সময় বলে এসেছে খেলার ময়দানে রাজনীতি চলে না। তবে আমরা সবদিক ভেবেই সিদ্ধান্ত নিলাম। অবশ্যই আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।”
পাক প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ওই পোস্টে তিনি লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনও রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”

অবশ্যই পড়ুন: সময়মত SIR না হলে কী হবে? বিরাট মন্তব্য শুভেন্দু অধিকারীর
উল্লেখ্য, বিশ্বকাপে খেলব, খেলব না করে একটা সময় বহু নাটক দেখিয়েছে পাকিস্তান। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি বলেছিলেন, পাকিস্তান সরকার না চাইলে তারা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবেন। যদিও অনেকে ধরেই নিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্ভাব্য শাস্তির কথা মাথায় রেখে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবেন না পাকিস্তান। শেষ পর্যন্ত সেটাই হল। তবে ধরি মাছ, না ছুঁই পানি নীতিতে ভারতের ম্যাচ বয়কট করলো তারা।