বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক 6 দিন আগে মুখোশ ছেড়ে বেরিয়ে এসেছে পাকিস্তান! পাক সরকারের সিদ্ধান্তে আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দল নামাবে না PCB (India Vs Pakistan)। এ নিয়ে রবিবারই, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। তবে, বিশ্বকাপে ভারত বয়কটের শাস্তি দীর্ঘমেয়াদী হতে পারে পশ্চিমের দেশের জন্য। তা জেনেও পুরনো সিদ্ধান্তে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড! এদিকে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে ICC।
ভারত বনাম পাক ম্যাচ না হলে কতটা ক্ষতি হবে ICC র?
একেবারে শুরু থেকেই, বিশ্ব ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচের কদর আছে। এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ লড়াই দেখতে গ্যালারি ভরে যায় দর্শকে। 22 গজের দুই চিরশত্রুর মহারণ মিস করতে চান না কোনও ক্রিকেটপ্রেমী। সেই মতোই, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে জেনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকে। ভক্তদের মধ্যে কাজ করছে আলাদা উন্মাদনা। ঠিক সেই আবহে হঠাৎ পাকিস্তানের অপ্রত্যাশিত সিদ্ধান্ত ধাক্কা দিয়েছে ক্রিকেটপ্রিয় মানুষদের।
প্রশ্ন উঠছে, বিশ্বকাপে যদি ভারত বনাম পাকিস্তান ম্যাচ না হয়, সেক্ষেত্রে কতটা ক্ষতি হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের? প্রথমত বলে রাখি, আন্তর্জাতিক ইভেন্ট অর্থাৎ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে প্রচুর অর্থ উপার্জন করে বিশ্ব ক্রিকেট সংস্থা। বিভিন্ন সম্প্রচার সত্ব থেকে শুরু করে টিকিট বিক্রি ও অন্যান্য একাধিক উৎস থেকে আয় হয় ICC র। এক কথায়, সম্প্রচারকারীদের কাছ থেকে মোটা টাকা পায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত কিছুটা হলেও ICC র চিন্তা বাড়িয়েছে বলেই মনে করছেন অনেকে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে না নামে। অন্যদিকে টিম ইন্ডিয়ার প্লেয়ারদেরও যদি শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হয় সে ক্ষেত্রে কম করে 200 কোটি টাকার ক্ষতি হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। রিপোর্ট বলছে, ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রতি 10 সেকেন্ডে বিজ্ঞাপন থেকে আয় হয় 25 থেকে 40 লাখ টাকা মতো। কাজেই, বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত না হলে সামান্য হলেও ক্ষতি হবে ICC র।
অবশ্যই পড়ুন: রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই কী বাজেটে সুদিন ফিরল না কলকাতা মেট্রোর?
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানরা বিশ্বকাপ বয়কট করার পরই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত নাটক দেখিয়েছিল পাকিস্তান। খোদ PCB প্রধান মহসিন নকভি বলেছিলেন, পাকিস্তান সরকার যদি চায় তবে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন তারা। যদিও সেই সময় অনেকেই বুঝে গিয়েছিলেন বিশ্বকাপ বয়কট করার সাহস নেই পাকিস্তানের। তাই শেষ পর্যন্ত ভারতের ম্যাচ বয়কট করে বিশ্বকাপ খেলতে চাইছে পাক দল। যদিও ICC খুব স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্টের ক্ষেত্রে বেছে বেছে ম্যাচ খেলার বিষয়টি একেবারেই মানানসই নয়।