বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক ভারতে! পরিসংখ্যান দেখলে শিউরে উঠবেন

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশে দ্রুত গতিতে বাড়ছে মেট্রো পরিষেবা (Metro Service)। হ্যাঁ, নতুন লাইন চালু হওয়া আর নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে এবার ভারত বিশ্বের অন্যতম বড় মেট্রো ব্যবস্থা তালিকায় উঠে আসলো। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের মেট্রো নেটওয়ার্ক এখন বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম, আর এর বৃহৎ অংশই সামলাচ্ছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন পরিচালিত দিল্লি মেট্রো (Delhi Metro)। বিশেষজ্ঞদের মতে, দেশের মোট মেট্রো যাত্রীর প্রায় ৫৫ শতাংশ শুধুমাত্র দিল্লি মেট্রোতে যাতায়াত করছেন।

যাত্রী সংখ্যায় নয়া রেকর্ড

করোনা মহামারীর সময় মেট্রো পরিষেবায় বিরাট ধাক্কা লেগেছিল। আর সেই সময় যাত্রী সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে ধীরে ধীরে যাত্রী সংখ্যা আবারও বাড়তে থাকে। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে মোট যাত্রী সংখ্যা ছিল ২২৩.৫ কোটি। আর ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫.৮ কোটি। আর দৈনিক গড় যাত্রী সংখ্যাও বেড়েছে। ২০২৪ সালে যেখানে প্রতিদিন গড়ে ৬২.৩ লক্ষ মানুষ মেট্রো ব্যবহার করতেন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৬ লক্ষ। এছাড়াও ৮ আগস্ট একদিনে সর্বোচ্চ ৮১ লক্ষের বেশি যাত্রীর রেকর্ড তৈরি হয়েছে।

এদিকে বর্তমানে ভারতের মোট মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য ১১৪৩ কিলোমিটারেরও বেশি, যা কিনা দেশের ২৬টি শহরে বিস্তৃত। আর প্রতিদিন প্রায় ১ কোটি ১৫ লক্ষেরও বেশি মানুষ মেট্রো পরিষেবা ব্যবহার করছেন। আর এই বিশাল নেটওয়ার্কের মধ্যে দিল্লি এনসিআর অঞ্চলের ব্যবস্থা সবথেকে বড়। হ্যাঁ, বর্তমানে দিল্লি এনসিআর অঞ্চলে নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ৪১৬ কিলোমিটার, আর মোট স্টেশনের সংখ্যা ৩০৩টি। প্রতিদিন এখানে ৩৪৩টি করে ট্রেন চলাচল করে, আর প্রায় ৪৫০৮টি ট্রিপ সম্পন্ন হয়, এবং মোট ১.৪ লক্ষ কিলোমিটার অতিক্রম করা হয়। সময়ের নির্ভুলতার ক্ষেত্রেও দিল্লি মেট্রো বিশ্বের মধ্যে অন্যতম সেরা। কারণ, এর পাংচুয়ালিটি রেট ৯৯.৯ শতাংশ।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, আজকের আবহাওয়া

চালকবিহীন ট্রেন ব্যবহার

এদিকে প্রযুক্তির দিক থেকেও দিল্লি মেট্রো অনেকটাই এগিয়ে। কারণ, বর্তমানে এটি বিশ্বের অন্যতম বড় ড্রাইভারলেস মেট্রো সিস্টেম। বিশেষ করে দিল্লি মেট্রোর পিংক লাইন আর ম্যাজেন্টা লাইনে ৮০টি চালকবিহীন ট্রেন রয়েছে। সম্প্রতি এই লাইনে দুটো নতুন করিডর চালু হওয়ার কারণে মেট্রো পরিষেবা আরও বিস্তৃত হয়েছে। এমনকি ভবিষ্যতে যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য নতুন আরও একটি করিডর তৈরি করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, সেখানে মোট ৫২টি নতুন ট্রেন চালানো হবে, আর তার মধ্যে ১৮টি ট্রেন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।

Leave a Comment