প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের আবহে যখন সকলেই ভোট প্রচারে ব্যস্ত ঠিক সেই সময়ই ফের দলীয় নেতার কার্যকলাপে অস্বস্তিতে পড়ল শাসকদল। গতকাল বেআইনি নির্মাণ ঘিরে উত্তেজনা এবং তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যু (Barrackpore Elderly Death Case) নিয়ে রীতিমত উত্তাল ব্যারাকপুর। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি রাতারাতি দল থেকে সাসপেন্ড করা হয়। তবে শান্ত হয়নি পরিস্থিতি। এবার সেই ঘটনায় ফাঁসির দাবি জানিয়ে পথ অবরোধ করল বিজেপি।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদ জানাতে উত্তর ব্যারাকপুর পুরসভায় চিঠি দিয়েছিলেন মণিরামপুর এলাকার বাসিন্দা তুলসীচরণ অধিকারিক। এরপরই গতকাল অর্থাৎ রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তুলসীবাবুর বাড়িতে হাজির হন। অভিযোগ বৃদ্ধকে তিনি বেধড়ক মারধর করেন। এমনকী কাউন্সিলর রবীনবাবু, বৃদ্ধের পেটে লাথি মারেন আর তাতেই হার্টফেল হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে ব্যারাকপুর। এবং ওই অভিযুক্ত কাউন্সিলরকে রাতারাতি সাসপেন্ড করে দেয় দল।
ফাঁসির দাবি তুলে পথ অবরোধ বিজেপির
বৃদ্ধের মৃত্যু ঘিরে পরিবারের দাবি, একাধিকবার ঘুষি-চড়ের পর বৃদ্ধকে লাথিও মারা হয়। সেই লাথির আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন তুলসীবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বারাকপুর ক্যান্টনমেন্ট জগদীশচন্দ্র বসু হাসপাতালে কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এবং গ্রেফতার করেছে সাসপেন্ডেড কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তবে এবার এই ঘটনায় ক্ষেপে উঠল বিজেপি। ফাঁসির দাবি জানিয়ে আজ দুপুরে চিড়িয়ামোড় অবরোধ করল।
আরও পড়ুন: ভ্যালেন্টাইনস ডে-তেই বসন্তের আমেজ, ৪০ ছোঁবে দোলের তাপমাত্রা! বড় আপডেট
বন্ধ করে দেওয়া হয়েছে বি টি রোড
সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার দুপুরে ব্যারাকপুরের চিড়িয়ামোড় অবরোধ করেছেন বিজেপির সমর্থকরা। বন্ধ করে দেওয়া হয়েছে বি টি রোড। অভিযুক্ত কাউন্সিলরের গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, শীলভদ্র দত্তের। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে দাবি করেছেন অর্জুন সিং। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার এবং ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিয়েছেন বিজেপি সমর্থকরা। অন্যদিকে যেহেতু আজকে কাউন্সিলরকে আদালতে তোলা হবে তাই বিজেপির একটি মিছিলও এগোচ্ছে আদালতের দিকে। আর সেই বিক্ষোভ আটকাতে মরিয়া পুলিশ।