প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, এরপরেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই বঙ্গে রাজনীতির হাওয়া বেশ গরম। এমতাবস্থায় ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে আশান্ত মুর্শিদাবাদের বেলডাঙা ঘটনার (Beldanga Violence Case) তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় সংস্থা NIA। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের ফলেই এবার এই তদন্ত রাজ্য পুলিশের থেকে নিল NIA। শীঘ্রই তদন্তের চুলচেরা বিশ্লেষণ তুলে ধরতে চলেছেন তাঁরা।
পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে অশান্ত বেলডাঙা
উল্লেখ্য, জানুয়ারির মাঝ বরাবর ঝাড়খণ্ডে বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। শ্রমিকের মৃতদেহ সামনে রেখে রেল অবরোধ, জাতীয় সড়কে বিক্ষোভ করেছিল স্থানীয়রা। এখানেই শেষ নয়, উত্তেজনার পারদ এতটাই বেড়ে গিয়েছিল যে সরকারি বিডিও অফিস, দোকানপাট। সরকারি সম্পদ ভাংচুর করার পাশাপাশি সাংবাদিকদের ওপর মারধরের ঘটনাও ঘটেছিল। টানা দুই তিন দিন ধরে অশান্ত ছিল গোটা বেলডাঙা। শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ করে পুলিশ। যদিও পরে বেলডাঙার ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়।
বেলডাঙার তদন্তভার নিল NIA
বেলডাঙার এই হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা নিয়ে জানান যে, মুর্শিদাবাদে ধারাবাহিক ভাবে হিংসার ঘটনা ঘটছে, যা থেকে বোঝা যাচ্ছে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই এই ঘটনায় এনআইএ তদন্ত করবে কি না, সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকারই। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আদালত। রিপোর্ট মোতাবেক, এবার সেই অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বেলডাঙার তদন্তভার শুক্রবার NIA-র হাতে তুলে দেওয়া হল।
আরও পড়ুন: ঘাটাল সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ, চাকরি বাতিল চেয়ারম্যানের ছেলের
বেলডাঙায় পৌঁছল NIA-র দল
তদন্তের দায়ভার পেতেই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী আজ অর্থাৎ শনিবার সকালেই মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। সূত্রের খবর, সাত থেকে আট সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। শনিবারই বেলডাঙা থানায় গিয়ে কেস ডায়েরি সংগ্রহ করে তদন্ত শুরু করার কথা তাঁদের। এখন দেখার পালা এই তদন্তে কোন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসে।