প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড ছত্তিশগড়ের বলোদা বাজার জেলায়! আজ সকালে সেখানকার একটি বেসরকারি ইস্পাত কারখানায় (Chattisgarh Steel Plant Blast) কয়লার চুল্লিতে আচমকা ভয়াবহ বিস্ফোরণ হয়। অন্তত ছয়জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। আগুন নিয়ন্ত্রণে আসে পরেই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন। দগ্ধ অবস্থায় আরও বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক পরিস্থিতি এলাকা জুড়ে।
ভয়াবহ বিস্ফোরণের মৃত্যু ৬
রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার, সকালে ছত্তিশগড়ের বলোদা বাজার জেলার একটি ইস্পাত কারখানায় কয়লার চুল্লিতে ভয়ংকর বিস্ফোরণ হয়। আর এই ভয়ংকর দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক ঘটনাস্থলেই ঝলসে গিয়েছে। শেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত ৬ জন শ্রমিকের মৃত্য হয়েছে। আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সংখ্যাটা দাঁড়িয়েছে ৫-এ, তাঁদেরকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় বিস্ফোরণের জেরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
বিস্ফোরণের ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা
স্থানীয়দের তরফে জানানো হয়েছে, ছত্তিশগড়ের বিস্ফোরণের ঘটনার সময়ে নাকি একদল শ্রমিক চুল্লির আশেপাশের জায়গা সাফাই করছিলেন। আর তারপরেই ভয়ংকর বিপদ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই কারখানার একাংশ আগুন লেগে গিয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের গাড়ি পাঠানো হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গেই ভয়ংকর বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক এখনও কাটেনি।
আরও পড়ুন: মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ, মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার ১১
প্রসঙ্গত, ছত্তিশগড়ের কারখানায় ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, সে ব্যাপারে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও, কারখানায় যথাযথ সুরক্ষা বিধি মানা হচ্ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনার পূর্ণ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে এই ঘটনায় শ্রমিক মহলে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের কথায় এই ঘটনায় যদি কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হয় তাহলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।