বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) মাঝে কোনও ভারতীয় ক্রিকেটার তাঁদের স্ত্রীদের সাথে থাকতে পারবেন না! হ্যাঁ, আগেই ঠিক হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের 45 দিনের বিদেশ সফরে সর্বোচ্চ 14 দিন অর্থাৎ দুই সপ্তাহ ক্রিকেটারদের সাথে থাকতে পারবেন তাঁদের স্ত্রীরা। তবে এবার শোনা যাচ্ছে, বিশ্বকাপের মাঝে প্লেয়ারদের সাথে তাঁদের স্ত্রী তথা পরিবারের থাকায় কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের পরিবারকে চলতি বিশ্বকাপে দলের সফরের সাথে অন্তর্ভুক্ত করার জন্য অনুমতি চেয়েছিল। তবে পরবর্তীতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে BCCI।
স্ত্রীদের সাথে বসবাসে নিষেধাজ্ঞা BCCI এর!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যেহেতু ভারত এবং শ্রীলঙ্কা। ফলে দুই দেশেই অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলি। যদিও ভারত তাদের বেশিরভাগ ম্যাচ ঘরের মাঠেই খেলবে। তবে আগামী 15 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। তাছাড়াও পরবর্তীতে পাকিস্তান যদি নকআউট পর্বে জায়গা করে নিতে পারে সে ক্ষেত্রে ভারতের সাথে ম্যাচ পড়লে টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কা সফর করতে হবে। আর তার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে, টিম ইন্ডিয়ার কোনও সদস্যের সাথেই তাঁদের পরিবার থাকতে পারবে না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, বিশ্বকাপ শুরুর আগেই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট বোর্ডের কাছে জানতে চেয়েছিল বিশ্বকাপের মাঝে ভারতীয় ক্রিকেটারদের সাথে তাঁদের স্ত্রী, বাগদত্তা অর্থাৎ পরিবার ভ্রমণ করতে পারবে কিনা। এর উত্তরে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়ে দিয়েছিলেন, কোনও প্লেয়ারের সাথে তাঁদের স্ত্রীরা থাকতে পারবেন না। তবে তারা চাইলে আলাদাভাবে ভ্রমণ করতে পারেন।
অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে ভারতের সাথে খেলবে পাকিস্তান, কোন মন্ত্রে কাজ হল?
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার দ্বিপাক্ষিক সিরিজের মাঝে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের সাথে তাঁদের পরিবারকে থাকতে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছরের ফেব্রুয়ারিতেও চ্যাম্পিয়নস ট্রফির জন্য দুবাই সফর করেছিল ভারতীয় দল। সেবারেও টিম ইন্ডিয়া প্লেয়ারদের সাথে তাঁদের স্ত্রী এবং পরিবারকে থাকতে না দেওয়ার সিদ্ধান্তে একেবারে অটল ছিল ভারতে ক্রিকেটের পরিচালন সংস্থা BCCI।