বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাই হয়ে যাক ভারতে খেলতে আসবে না বাংলাদেশ দল (Bangladesh T20 World Cup)। এ নিয়ে বারবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে একই কথা জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ওপার বাংলার তরফের শেষ সিদ্ধান্ত জানানোর সময় ছিল বুধবার পর্যন্তই। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের অবস্থান থেকে সরেনি BCB। এদিকে বিশ্বকাপে খেলার লোভ ছাড়তে পারছে না তারা। এমতাবস্থায় প্রশ্ন ঠিক কী চাইছে বাংলাদেশ? শোনা যাচ্ছে, নতুন করে আবারও নিজেদের সমস্যার কথা আউড়ে ICC র কাছে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছে পদ্মা পাড়ের বোর্ড।
চাইছে টা কী বাংলাদেশ?
বৃহস্পতিবার, বাংলাদেশ ক্রিকেট দল এবং বোর্ডের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ওপার বাংলার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেই বৈঠকে নজরুল জানান, “বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এবং বোর্ডের কর্তাদের সাথে বৈঠক করেছি। আমরা সকলেই চাই বিশ্বকাপে অংশগ্রহণ করতে। কারণ অনেক কষ্ট করে এই বিশ্বকাপে সুযোগ পেয়েছি আমরা। কিন্তু ভারতে গিয়ে নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্লেয়ারদের পক্ষে বিশ্বকাপ খেলাটা কখনই সম্ভব হবে না। আসলে আমাদের প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে। আর যাই হোক বিশ্বকাপ তো ভারতেই হচ্ছে। যাঁরা আমাদের দেশের একজন প্লেয়ারকে বার করে দিয়েছে।”
জানা গিয়েছে, বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বারবার বোঝানো হয়েছে ভারতে মুস্তাফিজুর রহমানদের কোনও সমস্যা হবে না। তাঁদের নিরাপত্তা নিয়ে যেন ওপার বাংলার বোর্ড চিন্তা না করে। তবে আসিফ নজরুলের বক্তব্য, “যে দেশ আমাদের খেলোয়াড়কে বের করে দিয়েছে। সেই দেশেই আমরা আমাদের দেশের প্লেয়ারদের খেলতে যেতে দিই কী করে? বিশ্বকাপের সময় তো ভারতের পুলিশই প্লেয়ারদের নিরাপত্তা দেবে। ওদের উপর কীভাবে বিশ্বাস করি? ভারত সরকার তো কিছু বলেনি!” বিশ্বকাপ বয়কট করলে বিপুল আর্থিক ক্ষতি হতে পারে বাংলাদেশের। এমন সম্ভাবনার মুখে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা বললেন, আর্থিক ক্ষতির তুলনায় দেশের প্লেয়ারদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
অবশ্যই পড়ুন: চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে কাটছে জট, আদালতের নির্দেশে খোলা হল নতুন রাস্তা
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতে খেলবে না বলে জানিয়েও ফের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে বাংলাদেশ। আসিফের বক্তব্য, “আগেও তো অনেক বার বিভিন্ন ম্যাচ অন্য দেশে হয়েছে। আমাদের ক্ষেত্রে কেন এর বেনিয়ম হচ্ছে। ICC আমাদের সাথে সুবিচার করেনি। আমরা আশা করছি ICC আমাদের কথা ভাববে। আমাদের সাথে সুবিচার হবে।” এক কথায়, বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। তাঁদের একটাই দাবি, মুস্তাফিজুরদের ম্যাচগুলো অন্তত শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।