ভারতের থেকে সুতো কেনায় বড় সুবিধা বন্ধ করার পথে বাংলাদেশের ইউনূস সরকার

India Bangladesh Trade

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-বাংলাদেশের বাণিজ্য (India Bangladesh Trade) নিয়ে ফের আলোচনা। ভারত থেকে শুধু আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে শুল্ক ছাড় বা বন্ডের সুবিধা পেয়েছিল বাংলাদেশের ব্যবসায়ীরা, সেই সুবিধা বাতিল করার পথে হাঁটতে চলেছে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, ইউনূসের তরফ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি সুপারিশ পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। জানা যায়, আশির দশক থেকেই ভারত থেকে সুতো আমদানির এই বন্ড চালু ছিল। অর্থাৎ, নির্দিষ্ট শর্তে শুল্ক ছাড়ে ভারতীয় সুতো আমদানি করতে পারত বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে সেই ব্যবস্থার ইতি টানতে চলেছে সরকার।

নির্দিষ্ট কাউন্টে হবে কাটছাঁট

বলে রাখি, সব ধরনের সুতোর ক্ষেত্রে বন্ডের সুবিধা তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়নি। তবে বাণিজ্য মন্ত্রকের সুপারিশ অনুযায়ী, ভারত থেকে আমদানি হওয়া মোটামুটি ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতোর উপর এই সুবিধা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বস্ত্রশিল্পে ‘কাউন্ট’ শব্দটি দিয়ে সেই সুতো মোটা বা সরু কিনা তা বোঝায়। আর কাউন্ট যত বেশি, সুতো তত সরু হয় এবং কাউন্ট কম হলে সুতো তত মোটা। বাস্তব ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে সবথেকে বেশি ১০ থেকে ৩০ কাউন্টের সুতো ব্যবহার করা হয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে সরাসরি শিল্পক্ষেত্রে প্রভাব পড়বে বলেই অনুমান করা হচ্ছে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রক যুক্তি দিচ্ছে, ভারত থেকে শুল্ক ছাড়ে বিপুল পরিমাণ সুতো ঢোকার ফলে দেশের নিজস্ব সুতো কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশীয় শিল্পকে বাঁচাতে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, এনবিআর-ই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। আর ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রকের সুপারিশপত্র এনবিআর এর কাছে পৌঁছে গেছে। এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান মহম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রকের পাঠানো চিঠি আমরা পর্যালোচনা করছি। সমস্ত দিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ট্রাম্পকে পাল্টা চাপ, আমেরিকার ডালের উপর চুপিসারে ৩০% শুল্ক চাপাল ভারত

বিশেষজ্ঞদের মতেম এই সিদ্ধান্ত শুধুমাত্র অর্থনৈতিক নয়ম বরং রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন লেগে রয়েছে, এটিকে তার একটি অংশ হিসেবেই দেখছে বিশেষজ্ঞরা। এমনকি সেই টানাপোড়েন ইতিমধ্যে ক্রিকেট পর্যন্ত পৌঁছেছে। আর এবার সুতো আমদানিতে বন্ড সুবিধা বাদের প্রস্তাব ঘিরে উঠছে নানান রকম প্রশ্ন।

Leave a Comment