বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের উপর শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ধাক্কার পরই এবার ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (India-EU Trade Deal) করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রজাতন্ত্র দিবসের দিন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ভারতে বৈঠক সারছেন। সব ঠিক থাকলে, আগামীকাল অর্থাৎ 27 জানুয়ারি দু পক্ষের মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আর তার আগেই এই চুক্তিকে মাদার অফ অল ডিল হিসেবে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশেষ চুক্তির অধীনে ইউরোপ থেকে আমদানি করা গাড়ি গুলির উপর শুল্ক কমিয়ে দেবে ভারত। আর সেটা হলে, ফোর হুইলারের দামে আসতে পারে বড় পতন।
অনেকটাই কমবে চার চাকার দাম?
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে যে বিশেষ মুক্ত বাণিজ্য চুক্তি করতে চলেছে সেই চুক্তির অধীনে আগামীতে ইউরোপের 27টি দেশে বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ পাবে নয়া দিল্লি। এদিকে চুক্তির পর ভারতও ইউরোপের থেকে আমদানি করা গাড়িগুলির উপর শুল্কের পরিমাণ কমতে পারে। সাধারণত, ভারত ইউরোপীয় ইউনিয়নের তৈরি গাড়িগুলি থেকে সর্বোচ্চ 110 শতাংশ শুল্ক নিয়ে থাকে। তবে এই চুক্তির পর সেই শুল্কের হার 40 শতাংশে নেমে আসবে বলেই ধারণা করা হচ্ছে।
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, যেসব গাড়ির দাম 16 লাখ 30 হাজার টাকার বেশি হবে সেইসব গাড়ির ক্ষেত্রেই 40 শতাংশ পর্যন্ত শুল্ক নেওয়া হতে পারে। এও জানা যাচ্ছে, আগামী দিনে ধাপে ধাপে এই শুল্ক 10 শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে যদি সত্যিই এই ঘটনা ঘটে তবে ইউরোপে তৈরি মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে ফক্সফোগেন, BMW, স্কোডা, ফিয়াটের মতো একাধিক সংস্থার ফোরহূইলারের দাম ভারতে অনেকটাই কমতে পারে। ভারতে বিদেশি গাড়ির দাম কমলে আখেরে লাভ হবে ক্রেতাদের। এরফলে বাজারে প্রতিযোগিতা অনেকটাই বাড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
অবশ্যই পড়ুন: খেলেলনি নিউজিল্যান্ড সিরিজে, T20 বিশ্বকাপে ২০০ ছক্কার মাইলফলক ছোঁবেন এই ভারতীয়
প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ভন। ওই বৈঠকেই ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা হবে। আর তারপরেই দুপক্ষ বিশেষ চুক্তিতে স্বাক্ষর করতে পারে। এই চুক্তি ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং ইউরোপের দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির দিকেও পদক্ষেপ নেবে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন।