ভারত বয়কট করে ICC-র শাস্তির হাত থেকে রেহাই পেতে নতুন চাল পাকিস্তানের!

Pakistan T20 World Cup PCB May use force majeure rule

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্ভাব্য শাস্তি কাঁধে করে নিয়ে ঘুরছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan T20 World Cup)। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের সাথে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলায় আগামীতে বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ক্রিকেট সংস্থার সেই শাস্তি এড়াতে এবার নাকি নতুন কৌশল ফাঁদছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, ফোর্স মেজিউর বা অনিবার্য কারণ ধারাটি ব্যবহার করে ICC র হাত থেকে রেহাই পেতে চাইছে পাকিস্তান বোর্ড।

সরকারের কাঁধে দায় ঠেলে বাঁচতে চাইছে PCB?

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন ম্যাচ বয়কট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁদের দাবি, খোদ পাকিস্তান সরকার গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করে ভারতের বিরুদ্ধে দল নামানোর নির্দেশ দিয়েছে। তাই তারা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে প্লেয়ারদের খেলাতে পারবে না। গত 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের তরফে বিবৃতি জারি করার পরই নিজেদের সিদ্ধান্ত জানিয়েছিল PCB।

যদিও, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানোর পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বেছে বেছে ম্যাচে অংশ নেওয়া যায় না। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ভারতের ম্যাচ বয়কট করলে ICC র তরফে শাস্তির খাড়া নেমে আসবে পাকিস্তান বোর্ডের ঘাড়ে। এছাড়াও সম্প্রচারকারী সংস্থাকেও আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে পাকিস্তানকে। এখানেই শেষ নয়, আগামীতে বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে পাকিস্তান দলকে।

অবশ্যই পড়ুন: ভারতের সাথে না খেললে পাশে থাকবে না তারাও! পাকিস্তানকে সতর্ক করল শ্রীলঙ্কা

রিপোর্ট বলছে, বিশ্ব ক্রিকেট সংস্থার সম্ভাব্য শাস্তির হাত থেকে রক্ষা পেতে এবার ফোর্স মেজিউর বা অনিবার্য কারণ ধারাটি ব্যবহার করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সহজ ভাষায় বলতে গেলে, পাকিস্তান ক্রিকেট বোর্ড দেখাতে চাইছে, ভারতের সাথে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পাক সরকারের। গোটা বিষয়টির মধ্যে বাইরে থেকে হস্তক্ষেপ করেছে পাকিস্তানের সরকার। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসরণ করতে বাধ্য PCB। অর্থাৎ গোটা বিষয় নিয়ে পাকিস্তান সরকারের কোর্টে বল ঠেলতে চাইছে PCB। এরমধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্ভাব্য শাস্তির হাত থেকে রেহাই পেতে পারে তারা।

Leave a Comment