প্রীতি পোদ্দার, কলকাতা: রাজনৈতিক সমীকরণ কখন কীভাবে পরিবর্তন হয় তার কোনো ধারণা থাকে না। অর্থাৎ এককথায় বলা যায় রাজনীতির ময়দানে আজ যে চিরশত্রু কাল সে পরম বন্ধু হলেও হতে পারে। আর তার অন্যতম দুটি উদাহরণ হল কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং মহুয়া মৈত্র। একটা সময়ে ‘শুয়োরের সঙ্গে তুলনা’ করা থেকে শুরু করে ‘চোর জোচ্চর’ তকমাও প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই দুই ‘চিরপ্রতিদ্বন্দ্বী’-কে এবার দেখা গেল খোশগল্পে মেতে উঠতে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই সকলের চক্ষু চড়কগাছ।
হাসিমুখে পাশাপাশি কল্যাণ মহুয়া
গতকাল অর্থাৎ রবিবার, রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ও সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের কন্যার বিবাহ অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী এবং সাংসদ। তাঁদের মাঝেই নজর কাড়ল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। বেশ খোজমেজাজে দেখা গিয়েছিল তাঁদের। কখনও এক মুখ হাসি, তো আবার কখনও যাওয়ার পথে একে অপরের দিকে ঘুরে তাকানো। শুধু কুশল বিনিময়ই নয়, পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুললেন তাঁরা। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
রাজনৈতিক প্রেক্ষাপটে তিক্ততা ছিল বেশ
উল্লেখ্য, বিগত কয়েক বছরে কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছিল। সংসদীয় কমিটির বৈঠক থেকে শুরু করে প্রকাশ্য জনসভা একে অপরের প্রতি তোপ দাগতে ছাড়েননি মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার সঙ্গে বাদানুবাদের জেরে সংসদীয় দলের চিফ হুইপের পদও ছেড়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি মহুয়া মৈত্রও পালটা ‘নারীবিদ্বেষী’ তকমা দিয়ে আক্রমণ শানিয়েছিলেন কল্যাণকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই তিক্ততা আজ যেন সম্পূর্ণ মুছে গিয়েছে।
আরও পড়ুন: বৃদ্ধের মৃত্যুতে রণক্ষেত্র ব্যারাকপুর! ফাঁসির দাবিতে পথ অবরোধ বিজেপির
প্রসঙ্গত, রবিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের মেয়ের বিয়েতে আমন্ত্রিত ছিলেন দলের সদস্যরা। নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়েবাড়িতে যান তৃণমূল বর্ষীয়ান সাংসদরা। ফ্যাশনে বরাবরই নজর কেড়ে থাকেন মহুয়া, এবারেও সেটি পরিবর্তন হয়নি। এদিন বিয়েবাড়িতে ঘন নীল জমকালো শাড়ি, শাল আর হালকা মেকআপে তাঁকে দারুণ দেখতে লাগছিল। অন্যদিকে কল্যাণের পরনে ছিল ছাই রঙের ব্লেজার।