ভোটের কাউন্টডাউন শুরু, শুক্রবার CEO-র সঙ্গে ভার্চুয়াল বৈঠক জ্ঞানেশ কুমারের

West Bengal Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের একাংশ নিবার্চনের প্রচারে ব্যস্ত। কারণ আগামী এপ্রিল–মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চের শুরুতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত। এমতাবস্থায় আগামীকাল, শুক্রবার রাজ্যের সিইও-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন জ্ঞানেশ কুমার।

ভার্চুয়ালি বৈঠক নির্বাচন কমিশনারের

রিপোর্ট মোতাবেক আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এই ভার্চুয়াল বৈঠকে CEO দফতরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের সব জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এবং বিভিন্ন পর্যায়ের অবজার্ভাররা। আশঙ্কা করা হচ্ছে এই বৈঠকেই বাংলার বিধানসভা নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের প্রস্তুতি, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হতে পারে। এদিকে মার্চের প্রথম সপ্তাহেই কাজের পর্যবেক্ষণ করতে আসছেন নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

মার্চেই হবে প্রশাসনিক বৈঠক

সূত্রের খবর, ১ বা ২ মার্চের মধ্যেই আসন্ন নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় কলকাতায় আসছে নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। হবে প্রশাসনিক বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার উপ-নির্বাচন আধিকারিকেরা, কলকাতা পুলিশের কমিশনার, জেলার পুলিশ সুপাররা এবং বিভিন্ন প্রয়োগকারী সংস্থার কর্তারা। আলোচনার মূল বিষয় হবে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয়, ভোটারদের সুবিধা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রস্তুতি। তাই জোরকদমে ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে রাজ্য পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন… কড়া পাহাড়া বসিরহাট-বনগাঁ সীমান্তে, চলছে নাকা চেকিং

প্রসঙ্গত, SIR আবহে শীর্ষ আদালত স্ক্রুটিনির জন্য আরও ৭ দিন সময় অতিরিক্ত দেওয়ায় স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগছে তাহলে চূড়ান্ত ভোটার তালিকার দিনক্ষণ নিয়ে। সবশেষে বহু আলোচনা পরই ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ জারি করল জাতীয় নির্বাচন কমিশন৷ জানানো হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এবং ২১ ফেব্রুয়ারি পর্যন্ত SIR শুনানি চলবে।

Leave a Comment