সহেলি মিত্র, কলকাতাঃ ২৬-এর বিধানসভা ভোটের আগে শেষবারের মতো বাজেট পেশ করেছিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। আর এই বাজেট পূর্ণাঙ্গ না হলেও কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছে সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি থেকে শুরু করে গ্রিন পুলিশ, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি, বেকার ভাতার টাকার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে শাসক দল। আর ভোটের আগে এই সকল ঘোষণাকে সরকারের বিরাট ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে দেখছে, আর এগুলির প্রভাবে আসন্ন ভোটে পড়বে বলেও দাবি করা হচ্ছে। যদিও এবারে চলতি আর্থিক বছরে (২০২৫-২৬) অতিরিক্ত প্রায় ১৭ হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার বলে জানানো হয়েছে।
রাজ্যের খরচ হল অতিরিক্ত ১৭,০০০ কোটি টাকা
গত শুক্রবার বিধানসভায় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য খরচ প্রসঙ্গে বিরাট ‘ফর্দ’ তুলে ধরেন। তিনি জানান, ‘আচমকা কোনও খরচের কারণে অতিরিক্ত খরচ করতে হয় সরকারকে। নিয়ম অনুযায়ী, তা অনুমোদন করিয়ে নেওয়া হয়। সামাজিক ক্ষেত্র যেমন লক্ষ্মীর ভান্ডারের মতো মূলত অনুদান সংক্রান্ত, পুজো অনুদান, অতিরিক্ত ধার, রাস্তা, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি-সহ আরও একাধিক খাতে এই অতিরিক্ত খরচ করতে হয়েছে রাজ্যকে।’
আরও পড়ুন: ২ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া?
যেহেতু আর্থিক বছর শেষ হতে দুমাস বাকি, তাই এই অঙ্ক বা হিসেব আগামী দিনে অনেকটাই বদল হতে পারে বলে অনুমান। এই বছরের সংশোধিত বাজেটে অতিরিক্ত খরচ রয়েছে। অর্থাৎ, খরচের যে অনুমান নিয়ে সরকার বাজেট পেশ করে, বছর শেষে অনুমান ছাপিয়ে খরচ হলে তাকেই বলা হয় ‘সাপ্লিমেন্টারি গ্রান্ট’ বা অতিরিক্ত খরচ। সেই হিসাবে ১৭ হাজার কোটি টাকা বা বাজেটের নিরিখে অতিরিক্ত প্রায় ৪.৬১% খরচ করতে হয়েছে।
কোথায় কত খরচ হয়েছে?
এই টাকা কোথায় কত খরচ হয়েছে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়েছেন চন্দ্রিমা। সরকারি তথ্য বলছে, সামাজিক নিরাপত্তা খাতে প্রায় ৫১৩ কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হয়েছে। পথশ্রীর মতো রাস্তা প্রকল্পের খাতে প্রায় ৪৩৭৪ কোটি, পুজো অনুদান বাবদ প্রায় ৫০০, আমাদের পাড়া আমাদের সমাধান খাতে প্রায় ১১৪০ কোটি, জলজীবন মিশনের বিদ্যুৎ বিল মেটাতে ৭৯৪, পেনশন-সুবিধা দিতে ১৫৪ কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হয়েছে। রয়েছে আরও নানা ধরনের অতিরিক্ত খরচও। ধার নিতে হয়েছে অতিরিক্ত প্রায় ৫৭৮ কোটি টাকা।