প্রীতি পোদ্দার, কলকাতা: মাঘ মাস পড়তে না পড়তেই নিমেষে উধাও হয়ে গেল কনকনে শীত (Weather Update)। সকাল এবং বিকেলের দিকে তাপমাত্রার পারদ কম থাকলেও দুপুরের দিকে রোদের দাপটে শীতের বিন্দুমাত্র রেশ থাকে না। আর এই অবস্থায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে অবশেষে শীতের বিদায় ঘণ্টা বাজল। আর কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে শীত বিদায় নিতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়েও। যা ঠেকবে ৪০ এর দোরগোড়ায়।
বসন্তের আবহাওয়া অনুভূত হবে
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি থেকেই পারদ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ ভালোবাসার সপ্তাহে রীতিমত ঘামবে শহর, শুধু তাই নয়, দোলের দিন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। স্পষ্ট জানানো হয়েছে আগামী বুধবার রাত পর্যন্ত শীতের হালকা আমেজ অনুভূত হবে। কিন্তুতবে বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে শীতের পাকাপাকি বিদায় হবে। এবং ১৪ ফেব্রুয়ারি বসন্তের আবহাওয়া অনুভূত হবে দক্ষিণবঙ্গে। আর তাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে।
দোলের দিন পারদ ছোঁবে ৪০!
জানা গিয়েছে, এমনিতেই পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশ ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তার উপর আজ জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। যার ফলে পারদ ধীরে ধীরে আরও বাড়বে। এছাড়াও এই ঝঞ্ঝার জেরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। এছাড়াও কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকবে। তবে অবাক করা বিষয় হল হাওয়া অফিস জানিয়েছে দোলযাত্রার দিন নাকি কলকাতায় দিনের পারদ পৌঁছাতে পারে ৪০-এর ঘরে। আর তা শুনেই মাথায় হাত সকলের।
আরও পড়ুন: দেড় বছরেও বিচার নেই, নির্যাতিতার জন্মদিনে ধর্মতলায় বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের
দক্ষিণবঙ্গের পারদ বাড়লেও উত্তরবঙ্গে এখনই কমবে না ঠান্ডা। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার পাঁচ দিন। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং-সহ সমতলের জেলাতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা-সহ নীচের দিকের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।