প্রীতি পোদ্দার, কলকাতা: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অনুষ্ঠানের ব্যানারে কলেজের নামে ভুুল৷ বিতর্কে খবরের শিরোনামে উঠে এল গোবরডাঙ্গা হিন্দু কলেজে (Gobardanga Hindu College)৷ কলেজ বানান ঘিরে তুঙ্গে বিতর্ক৷ ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মশকরা৷ সরব হয়েছেন কলেজের প্রফেসর সহ অভিভাবকরা।
প্রশংসার মাঝে বিতর্ক
১৯৪৭ সালের ২৭ নভেম্বর অধুনা বাংলাদেশের দৌলতপুর হিন্দু অ্যাকাডেমির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা হিন্দু কলেজ। এক সময় এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধীনে থাকলেও বর্তমানে এটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে পরিচালিত। শুরুর দিকে কম ছাত্রছাত্রী থাকলেও বর্তমানে এই কলেজে অসংখ্য ছাত্র ছাত্রী পড়াশোনা করছে। কলেজের পঠনপাঠন এতটাই ভালো সব মিলিয়ে তিনবার A গ্রেড পেয়েছিল। ২০০৫, ২০১৬ এবং ২০২৪ সালে মিলেছিল এই তকমা। কিন্তু এত প্রশংসার মাঝেই এবার কলেজকে নিয়ে উঠে এল এক নয়া বিতর্ক। দেখা গিয়েছে, সরকারি এক অনুষ্ঠানে ব্যানারে কলেজের নাম ভুল লেখা রয়েছে।
কলেজের নামে বিভ্রাট
ভাইরাল ছবি অনুযায়ী, সম্প্রতি উত্তর ২৪ পরগনার অন্তর্গত গোবরডাঙ্গা হিন্দু কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও অনেকে। কিন্তু অনুষ্ঠান চলাকালীন লক্ষ্য করা যায় যে গোবরডাঙ্গা হিন্দু কলেজে র যে ব্যানার টাঙানো হয়েছিল সেখানে কলেজ বানান ভুল লেখা। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে উপচে পড়ে একাধিক কটাক্ষ। প্রশ্ন ওঠে কলেজের শিক্ষাব্যবস্থা নিয়ে।
আরও পড়ুন: দেশে বিজেপি বিরোধী সবথেকে বড় মুখ মমতাই, নবান্নে বৈঠকের পর বুঝিয়ে দিলেন অখিলেশ
প্রসঙ্গত, নীল ব্যানারের উপর সাদা রঙের ইংরেজি হরফে বোর্ডটিতে কলেজের নামের বানান COLLAGE লেখা রয়েছে। আর সেই ভুল নিয়ে শুরু হয়েছে একাধিক বিতর্ক৷ বিষয়টি কলেজ পড়ুয়া, অভিভাবক ও কলেজের শিক্ষক শিক্ষিকাদের নজরে আসাতেই সমালোচনা শুরু হয়েছে৷ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদে মুখর হয়েছেন অভিভাবকদের একাংশ৷ তাঁদের বক্তব্য কলেজের মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ভুল কখনোই আশা করা যায় না।