সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল ভারত (India–European Union Trade)। আর এই ঐতিহাসিক চুক্তির ফলে ইউরোপের বাজার যেমন ভারতের জন্য খুলে যাচ্ছে, তেমনই ভারতীয় বাজারেও ঢুকবে ইউরোপের পণ্য, তা বলার অপেক্ষা রাখে না। তাও আগের তুলনায় অনেকটাই কম দামে। মোদির কথায়, এই চুক্তি বিশ্ব বাণিজ্য ইতিহাসের সব চুক্তির জননী। কারণ, এর আওতায় ভারত আর ইউরোপের ২৭টি দেশের প্রায় ১৯০ কোটি মানুষ সরাসরি লাভবান হতে পারবে।
বলে রাখি, এই চুক্তির মূল লক্ষ্য হল উচ্চ আমদানি শুল্ক কমানো, দুই পক্ষের বাণিজ্যে সহজ আর সাশ্রয়ী করে তোলা এবং উৎপাদন খরচ কমিয়ে সাধারণ মানুষের পকেটের চাপ কমানো। চুক্তি অনুযায়ী, ভারতের প্রায় ৯০ শতাংশ পণ্য বিনা শুল্কে ইউরোপে রফতানি করা হবে। পাশাপাশি ইউরোপ থেকে ভারতে আসা বহু পণ্যের উপরেও শুল্ক অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করছে ওয়াকিবহাল মহল।
কোন কোন পণ্যের দাম কমতে পারে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এবার যে সমস্ত পণ্যের দাম কমতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল—
শিল্প যন্ত্র এবং বিদ্যুৎ সরঞ্জাম
শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতির উপর শুল্ক ৪৪% থেকে নেমে শূন্যে আসতে পারে। আর এতে উৎপাদকরা সরাসরি লাভবান হবে। সেই সূত্রে উৎপাদন খরচ কমার জেরে বাজারে পণ্যের দাম অনেকটাই কমবে।
বিমান ও মহাকাশ শিল্প
জানা যাচ্ছে, বিমানের যন্ত্রাংশের উপর থেকে ১১% শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে। এতে বিমানের রক্ষণাবেক্ষণ খরচ কমবে। ফলে দীর্ঘমেয়াদে বিমানের টিকিট অনেকটাই সস্তা হতে পারে।
চিকিৎসা সরঞ্জাম
এই খাতে আসতে পারে সবথেকে বড় স্বস্তি। জানা যাচ্ছে, প্রায় ৯০% চিকিৎসা সরঞ্জামের শুল্ক ২৭.৫% থেকে শুন্যে নামিয়ে আনা হবে। বিশেষ করে ডায়াগনস্টিক মেশিন, অস্ত্রোপচারের যন্ত্র, লেন্স সবকিছু সস্তা হবে। আর হাসপাতালে ভর্তি বা চিকিৎসার খরচ অনেকটাই কমতে পারে।
ইউরোপীয় গাড়ি
বর্তমানে ইউরোপ থেকে আসা গাড়ির উপর ১১০% শুল্ক চাপানো হয়। কিন্তু তা কমে এবার ১০% পর্যন্ত নামতে পার নির্দিষ্ট কিছু গাড়ির ক্ষেত্রে। সেই সূত্রে বিএমডব্লিউ এবং মার্সিডিসের মতো প্রিমিয়াম গাড়িগুলি নাগালের মধ্যে আসতে পারে।
মদ ও বিয়ার
সূরাপ্রেমীদের জন্য আসতে পারি বিরাট সুখবর। কারণ, প্রিমিয়াম ওয়াইনের শুল্ক এবার ১৫০% থেকে ২০% এ নামিয়ে আনা হবে। আর স্পিরিটসের শুল্ক ১৫০% থেকে ৪০% এ আনা হবে। পাশাপাশি বিয়ারের উপর ১১০% থেকে ৫০% শুল্ক নামিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও স্কচ হুইস্কি, ইউরোপীয় ওয়াইন ও বিয়ার অনেকটাই সস্তা হতে পারে।
ভোজ্য তেল এবং খাদ্যপণ্য
জানা যাচ্ছে, জলপাই তেলের উপর শুল্ক এবার ৪৫% থেকে শূন্যে নামিয়ে আনা হবে। পাশাপাশি বিস্কুট, পাস্তা, চকলেট, পাউরুটি, পোষ্য খাদ্যের উপর শুল্ক প্রত্যাহার করা হতে পারে। এতে আমদানি করা প্যাকেটজাত খাবার আরও পকেটসই হতে পারে।
আরও পড়ুন: বিয়ের মরসুমে লাগামছাড়া বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট
ফলের রস এবং বিশেষ পানীয়
এদিকে ফলের রস ও নন অ্যালকোহলিক বিয়ারের উপর ৫৫% পর্যন্ত শুল্ক প্রত্যাহার করা হতে পারে। পাশাপাশি কিউই, নাশপাতির মতো ফলের দাম অনেকটাই কমতে পারে।
মাংসজাত খাবার
ভেড়ার মাংস, সসেজের মতো পণ্যের উপর এবার ৩৩% শুল্ক তুলে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এতে হোটেল বা রেস্তোরাঁর খাবারের দাম অনেকটাই কমতে পারে।