মন্ত্রীরা রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে লাগবে মুখ্যমন্ত্রীর অনুমতি, বিজ্ঞপ্তি জারি নবান্নর

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই বিরাট পদক্ষেপ রাজ্যের (Government of West Bengal)। মন্ত্রিসভার সদস্য বা তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে মন্ত্রী বা তাদের পরিবারের কোনও সদস্যরা যদি রাজ্যের বাইরে দেশের অন্য কোনও হাসপাতালে চিকিৎসা করাতে যান, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আগাম অনুমতি নিতে হবে। সম্প্রতি নবান্নর (Nabanna) তরফ থেকে এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

কেন এত কড়া পদক্ষেপ?

প্রশাসন সূত্রে খবর, সরকারি কোষাগরের অর্থের সাশ্রয় এবং চিকিৎসার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে নবান্ন। অতীতের বিভিন্ন সময়ে মন্ত্রীদের চিকিৎসার বিল নিয়ে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছে। আর সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গিয়েছে যে, কোনও বড় অসুস্থতা ছাড়াই ভিন রাজ্যের নামিদামি হাসপাতালে বার্ষিক শারীরিক পরীক্ষা করে বিরাট অংকের বিল জমা দিয়ে আসছেন অনেক প্রভাবশালী নেতারা। এই ধরনের অপ্রয়োজনীয় খরচ রুখার জন্যই এবার বড় পদক্ষেপ নবান্নের।

নবান্নর তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে এখন আর সরাসরি সিদ্ধান্ত নেওয়া যাবে না। বরং ফাইল পাঠিয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে অনুমতি নিতে হবে। এমনকি মুখ্যমন্ত্রী নিজে, উপমুখ্যমন্ত্রী, পূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা এই পরিষেবার আওতায় থাকবেন। দায়িত্ব গ্রহণের দিন থেকেই এই সুবিধা কার্যকর হচ্ছে। পাশাপাশি মন্ত্রীদের উপর নির্ভরশীল তাদের পরিবার, বাবা-মা, অবিবাহিত কন্যা কিংবা ১৮ বছর বয়স পর্যন্ত নির্ভরশীল ভাই-বোনরাও এই চিকিৎসার সুবিধায় আসতে পারবে।

আরও পড়ুন: UPI-র মাধ্যমে লোন পাবে মহিলারা, দারুণ সুযোগ নিয়ে এল এই ব্যাঙ্ক

এদিকে নতুন নির্দেশিকায় চিকিৎসার সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে। সেক্ষেত্রে সরকারি এবং সরকারপোষিত হাসপাতালের পাশাপাশি ২০১৭ সালের ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট অ্যাক্টের আওতায় নথিভুক্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে খবর। এমনকি সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাবে, আর বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ক্ষেত্রে বিলের টাকা রাজ্য সরকার সরাসরি বহন করবে অথবা পরে তা মিটিয়ে দেওয়া হবে। আর চিকিৎসকদের পরামর্শ ফি, প্যাথলজিক্যাল পরীক্ষা, ওষুধ, অস্ত্রোপচার, বাড়িতে গিয়ে ডাক্তার দেখানোর খরচ এই ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।

Leave a Comment