‘মমতার দুর্গা অঙ্গন সম্পূর্ণ আইন বিরোধী মামলা হবে!’ গৌতম দেব, পাল্টা কটাক্ষ চন্দ্রিমার

প্রীতি পোদ্দার, কলকাতা: গত সোমবার ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন বাসস্ট্যান্ডের বিপরীতে প্রায় ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠতে চলেছে এই ‘দুর্গা অঙ্গন’। হিডকোই সেই ‘দুর্গা অঙ্গন’ নির্মাণের দায়িত্বে রয়েছে। এবার সেই দুর্গা অঙ্গন তৈরি নিয়ে আদালতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা গৌতম দেব (Gautam Deb) ৷ তাঁর অভিযোগ, সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে রাজ্য সরকার নিউটাউনে দুর্গা অঙ্গন তৈরি করার উদ্যোগ নিয়েছে ৷

সংবাদিক বৈঠকে গৌতম দেবের

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বুধবার, নিউটাউনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা গৌতম দেব তাঁর বাসভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। সেখানে তিনি প্রকাশ্যে সাংবাদিকদের জানান, “হিডকোর আইন অনুযায়ী তার অধীনে থাকা কোনও জমি ধর্মস্থান তৈরি করার জন্য দেওয়া যায় না। ওই জমি ‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট’ তৈরি করার জন্য চিহ্নিত ছিল। তাই এবার দুর্গা অঙ্গন তৈরি করার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আমরা আদালতের দ্বারস্থ হব।” এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি অন্যত্র দুর্গা অঙ্গন করারও পরামর্শ দেন।

মন্দির মসজিদের রাজনীতি নিতে তোপ গৌতমের

সংবাদিক বৈঠকে প্রাক্তন বাম মন্ত্রী গৌতম দেব বলেন, “নিউটাউনে যে ফাঁকা জমি আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেখানে দুর্গা অঙ্গন করার জন্য মুখ্যমন্ত্রী হিডকোর কাছে অর্থ চেয়েছেন, এর তীব্র প্রতিবাদ করা হবে।” তিনি আরও বলেন, “রাজ্যে মন্দির মসজিদের রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি ভীষণ ভাবে নষ্ট করছে।” শুধু তৃণমূলই নয়, বুধবারের সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধেও ভাগাভাগির রাজনীতি করার অভিযোগ তুলেছেন প্রবীণ এই বাম নেতা। অমিত শাহ টু থার্ড মেজরিটি নিয়ে বিজেপি বঙ্গ ক্ষমতা দখল করার অভিযোগকে টার্গেট করে বলেছেন, “”দু-একটা আসনে এদিক ওদিক হতে পারে। বিজেপি বঙ্গে ক্ষমতায় আসবে না। এই বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে রুখতে গিয়ে মন্দির মসজিদের রাজনীতি করলে চলবে না।”

আরও পড়ুন: বাংলার প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মনোজ পন্থকে কোন পদ দিল নবান্ন?

পাল্টা অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের

নির্বাচনের আগে গৌতম দেবের এই অভিযোগকে তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। তবে সেই অভিযোগকে পাল্টা কড়া কটাক্ষ করেছেন হিডকো চেয়ারম্যান-মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন, “ওঁর এখন বিশ্রাম নেওয়ার সময়। ওঁকে এ সব নিয়ে মাথাব্যথা করতে হবে না। আমরা যা করি, আইন মেনেই করি। হিডকোর নিয়মের বাইরে গিয়ে কিছু করা হয়নি।’’ তাঁর দাবি, দুর্গা অঙ্গন মন্দির নয়, নথিভুক্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসাবা। দিঘার জগন্নাথ ধামও সাংস্কৃতিক কেন্দ্র। সেক্ষেত্রে হিডকো সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করতেই পারে। এদিকে গৌতম দেব মামলা সংক্রান্ত কোনো তথ্য এখনও জানায়নি সাংবাদিকদের।

1 thought on “‘মমতার দুর্গা অঙ্গন সম্পূর্ণ আইন বিরোধী মামলা হবে!’ গৌতম দেব, পাল্টা কটাক্ষ চন্দ্রিমার”

Leave a Comment