প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে রীতিমত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। একদিকে তৃণমূল (Trinamool Congress) যেমন চতুর্থবার সরকার গঠনের লড়াইয়ে তৎপর হয়ে উঠেছে, অন্যদিকে বিজেপিও (Bharatiya Janata Party) মুখ্যমন্ত্রীর সিংহাসন কেড়ে নেওয়ার জন্য দিন রাত লড়াই করে চলেছে। আর এই পরিস্থিতিতে খবরের শিরোনামে উঠে আসছে একের পর এক দলবদলের নানা ইঙ্গিত। জানা গিয়েছে এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা (Leander Paes May Join BJP) তৈরি হয়েছে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজের।
ভোটের প্রাক্কালে বিজেপিতে লিয়েন্ডার!
আসন্ন বিধানসভা ভোটের আগে গতকাল অর্থাৎ মঙ্গলবার, গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মণ যোগ দিয়েছিলেন বিজেপিতে। আর তার সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানও। তুমুল উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় তৃণমূল অন্দরে। আর এইসবের মাঝেই জল্পনা বাড়ছে যে বিজেপি-তে এবার নাকি যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। গতকাল, রাতে নিউ টাউনের একটি হোটেলে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে নাকি প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজের বৈঠক হয়েছিল দীর্ঘক্ষণ ধরে।
নিতিনের সঙ্গে জরুরি বৈঠক লিয়েন্ডারের
সূত্রের খবর, নিউ টাউনের যে হোটেলে নিতিন নবীন ছিলেন সেই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েক জন বিজেপি নেতার সঙ্গে লিয়েন্ডারকে কথা বলতে দেখা গিয়েছিল। বৈঠকে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে বৈঠকে বিজেপি-র যে সমস্ত নেতারা উপস্থিত ছিলেন, তাঁদের বেশির ভাগই ভিন্ রাজ্যের ছিল। যদিও দু’পক্ষই বিজেপিতে যোগদানের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। মুখে কুলুপ এঁটেছে বঙ্গ বিজেপি। গত ৮ নভেম্বর লিয়েন্ডার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব নেন। কিন্তু তিনি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসতে চান সেই কারণে এই রদবদল হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
আরও পড়ুন: ফের বদলাল LPG বুকিং নিয়ম! গ্যাস পেতে বাড়ল অপেক্ষা, দুশ্চিন্তা উজ্জ্বলা গ্রাহকদেরও
প্রসঙ্গত, ২০২১ সালের ২১ নভেম্বর গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সেই সময় তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের উদ্যোগেই এই যোগদান হয়েছিল। লিয়েন্ডার বলেছিলেন, ‘দিদি সত্যিকারের চ্যাম্পিয়ন’। কিন্তু সাম্প্রতিক সময়ে তৃণমূলের কোনও কর্মসূচিতে লিয়েন্ডারকে দেখা যায়নি। অর্থাৎ কখনই তাঁকে তৃণমূলের হয়ে কোনও ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি। এখন দেখার ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বড় কোনো চমক দেখাতে পারেন কিনা।