বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ানডে সিরিজে হারের বদলা টি-টোয়েন্টির প্রথম ম্যাচে তুলে নিয়েছে ভারত। নিউজিল্যান্ডকে 48 রানে হারিয়ে সূর্যকুমার যাদবরা জানান দিয়েছেন ভারত কামব্যাক করতে জানে। তবে গতকালের জয়ের নেপথ্যে অভিষেক শর্মার ভূমিকা বিরাট থাকলেও ফিনিশার রিঙ্কু সিংই (Rinku Singh) কিন্তু আসল কাজটা করেছিলেন। একেবারে শেষ পর্বে গিয়ে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ 44 রান তোলেন তিনি। সেটাই যেন নিউজিল্যান্ডের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এক কথায় বলা যায়, রিঙ্কু যদি এদিন দুরন্ত ইনিংস না খেলতেন তবে হয়তো গতকালের ম্যাচ যেত নিউজিল্যান্ডের পকেটে। এদিন ভারতকে জেতানোর পাশাপাশি আরও একটি বিরাট কান্ড ঘটিয়েছিলেন KKR তারকা।
এই দিক থেকে ধোনির রেকর্ড ভাঙলেন রিঙ্কু সিং
বুধবার, একটা সময় যখন নিউজিল্যান্ডের হাতে একের পর এক উইকেট পড়ছিল ভারতের, ঠিক তখনই একেবারে ত্রাতা হয়ে দাঁড়ান রিঙ্কু সিং। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে দলকে অনেকটাই এগিয়ে দেন তিনি। বলাই বাহুল্য, এদিন বাউন্ডারি ওভার বাউন্ডারিতে রিঙ্কুর ব্যাট থেকে মাত্র 20 বলে 44 রান উপহার পেয়েছিল ভারত। 4টি চার এবং 3টি ছয় মেরে নিজের ইনিংস একেবারে সাজিয়ে নিয়েছিলেন রিঙ্কু। সেটাই শেষ পর্যন্ত প্রায় ভারতের জয়ের সংখ্যা হয়ে দাঁড়ায়।
এখানেই শেষ নয়, এদিন একদিক থেকে মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও ভেঙে ফেলেন রিঙ্কু। প্রথমেই বলে রাখি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে 20 তম ওভার 12টি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে ধোনির। গতকাল একেবারে শেষ ওভারে দুটি ছয় মারেন ভারতীয় ক্রিকেটার। এর মধ্যে দিয়ে তিনিও 20 তম ওভারে গতকাল পর্যন্ত 12টি ছয় মারার রেকর্ড নিয়ে ধোনির পাশেই বসেছেন। তবে সবচেয়ে মজার বিষয়, মহেন্দ্র সিং ধোনির থেকে 94 বল কম খেলে টি-টোয়েন্টির 20তম ওভারে 12টি ছয় মারার রেকর্ড করেছেন রিঙ্কু। ফলে বলের নিরিখে রিঙ্কু ভেঙে দিয়েছেন ক্যাপ্টেন কুলের রেকর্ড।
অবশ্যই পড়ুন: বরাদ্দ ১০২ কোটির বেশি, আবাস যোজনা নিয়ে কোচবিহারবাসীর জন্য সুখবর
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের একেবারে শেষ ওভারে অর্থাৎ 20 ওভার চলাকালীন সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার নামে। এই তারকা অলরাউন্ডার আজ পর্যন্ত 99 বল খেলে 20 তম ওভারে 15টি ছয় মেরেছেন। সেক্ষেত্রে বলাই যায় এবার নাইট তারকা রিঙ্কুর প্রধান লক্ষ্য থাকবে সীমিত ওভারের ক্রিকেটে পান্ডিয়ার রেকর্ড ভাঙা।