সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা থেকে শীত যাবে যাবে করেও যেন একেবারে মায়া ত্যাগ করতে পারছে না যেন। বহু আবহাওয়াবিদ জানাচ্ছেন, অনেক মরসুম পড়ে নাকি এই মরশুমে এরকমভাবে দীর্ঘস্থায়ী হল শীত। এই জানুয়ারি মাসেও কার্যত শীতের দাপট ভালো মতো বজায় রয়েছে। যদিও এই সুখ বেশিদিন খুব একটা নেই বলেও খবর। আজ শুক্রবার সকাল থেকেও যথারীতি শীত ও কুয়াশার দাপট রয়েছে রাজ্যজুড়ে। যদিও বেলা বাড়ার সঙ্গে এই শীতের দাপট ফিকে হয়ে যাবে বলে খবর। শীতের কি ফের কামব্যাক হবে নাকি দমফাটা গরম পড়বে? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় বাধাপ্রাপ্ত হয়েছে শীত। সেইসঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। যদিও আগামীকাল শনিবার থেকে ফের খানিকটা শীতের দাপট বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে আবহাওয়া অফিস সূত্রে। যাইহোক, আজও কুয়াশার জন্য বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, কুয়াশার পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান,নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। আজ মোটের ওপর শীত থাকতে পারে নদীয়া, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন: বর্ধমানের সাথে যোগাযোগ উন্নত হবে বাঁকুড়া-হুগলীর, অনুমোদন হল নতুন রেললাইনের
জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে বায়ুপ্রবাহের গতিপথ পরিবর্তন লক্ষণীয় হয়েছে। তাই এতদিন শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে আবহাওয়া বদল হবে। চলতি সপ্তাহের শনিবার থেকে শীতের তীব্রতা আবার কিছুটা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং তাপমাত্রা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজও কুয়াশার দাপট রয়েছে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের উঁচু এলাকার জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো নীচু এলাকার জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। সবথেকে বড় কথা, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে।