প্রীতি পোদ্দার, কলকাতা: পৌষের চৌকাঠ পেরিয়ে মাঘে পা রাখতেই শীত যেন একপ্রকার ঝিমিয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত যেন দক্ষিণবঙ্গে শক্তি ক্ষয় করে চলেছে ক্রমাগত। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়তে পারে। এমনকি সরস্বতী পুজোর দিন নতুন করে তাপমাত্রা খুব একটা না বাড়লেও, জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা একেবারেই নেই।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ জানুয়ারি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই পড়েছে সরস্বতী পুজো। তাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন আলাদাই ব্যস্ততা। কোথাও প্যান্ডেল খাটিয়ে প্রস্তুতি তুঙ্গে। কোথাও ঠাকুরও এসে গিয়েছে। এই পরিস্থিতিতে সকলের কাছেই দেয় সাধারণ প্রশ্ন কেমন থাকবে ওই দিনের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার সকাল থেকেই হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলা বাড়তেই চড়া রোদে শীতের আমেজ একদমই টের পাওয়া যাবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে ভোরে ও সন্ধ্যায় এখনও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে সরস্বতীপুজোর দিন নতুন করে পারদ না চড়লেও জাঁকিয়ে শীত থাকবে না বলে স্পষ্ট জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ফোর্ট উইলিয়ামের অফিসারকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য! মমতার বিরুদ্ধে বড় পদক্ষেপ সেনার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে উষ্ণ আবহাওয়ার মেজাজ দেখা গেলেও উত্তরবঙ্গে এখনও রয়েছে কনকনে শীত। এইমুহুর্তে পাহাড়ি জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে মাত্র ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ও সন্ধ্যায় কনকনে ঠান্ডা অনুভূত এতটাই বেশি থাকছে যে এখানে শীতের পোশাক ছাড়া বাইরে বেরনো কার্যত কঠিন হয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এই তাপমাত্রার পার্থক্য বজায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি।