বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ময়দানে নেমে এসেছিল অন্ধকার। প্রয়াত হয়েছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) প্রাক্তন ফুটবলার ইলিয়াস পাশা। এবার সেই পুরনো সঙ্গীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর পরিবারকে 11 লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী 6 ফেব্রুয়ারি, ইস্টবেঙ্গল ক্লাবের অ্যাস্টোটার্ফ উদ্বোধনের সাথে সাথে প্রয়াত ইলিয়াসের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে।
বড় ভাবনা ইস্টবেঙ্গলের
ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি থেকে। তার আগেই যাবতীয় সমস্যা কাটিয়ে পুরনো ছন্দে মাঠে ফিরতে চাইছে লাল হলুদ। সেই মতোই, দাপুটে ফুটবলার জেরি মাওয়াইয়াকে সই করিয়ে শক্তি বাড়িয়ে নিয়েছে তারা। ঠিক সেই আবহে আগামী 6 ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে ইস্টবেঙ্গলের অ্যাস্টোটার্ফ।
জানা যাচ্ছে, এই বিশেষ দিনেই সদ্য প্রয়াত প্রাক্তন ফুটবলার ইলিয়াসের পরিবারের হাতে 11 লাখ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাল হলুদ ক্লাব কর্তৃপক্ষ। এ নিয়ে ইতিমধ্যেই ক্লাবের প্রেসিডেন্ট মুরারিলাল লোহিয়া পুরনো সঙ্গীর অবদান স্মরণ করে ঘোষণা করে দিয়েছেন, “ইলিয়াসের পরিবার ইস্টবেঙ্গলের তরফ থেকে 11 লাখ টাকা পাবে।”
অবশ্যই পড়ুন: ৫ উইকেট তুলে ইতিহাস তৈরি করেও T20-তে লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ সিং
এখানেই শেষ নয়, লাল হলুদদের তরফে এও জানানো হয়েছে 6 ফেব্রুয়ারি ইলিয়াস পাশার স্মরণে ইস্টবেঙ্গলের মাঠেই অনুষ্ঠিত হবে জোড়া বেনিফিট ম্যাচ। ক্লাবের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এদিন ইস্টবেঙ্গলের মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল স্টার্স বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডদের মধ্যে। এরপর দ্বিতীয় ম্যাচ হবে বাইচুং ভুটিয়ার নেতৃত্বাধীন ইস্টবেঙ্গল বনাম হোসে রামিরেজ ব্যারেটোর নেতৃত্বাধীন এফপিআই এর মধ্যে। দলের পুরনো যোদ্ধাকে সম্মান জানাতে ইস্টবেঙ্গলের এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন ময়দানের অনেকেই।